ইতালিতে সাধারণ নির্বাচন
অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত ইতালিতে সাধারণ নির্বাচনে রোববার ভোট দিয়েছে জনগণ। অর্থনৈতিক সমস্যা কাঁটিয়ে ওঠা ও ইউরো জোনোর স্থিতিশীলতার জন্য এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দুইদিন ব্যাপী এ নির্বাচনে সোমবারও ভোট গ্রহণ করা হবে।
রোববার ইতালির সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। পরদিন সোমবারও একই সময় শুরু হয়ে বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হবে।
সোমবার সন্ধ্যার মধ্যেই নির্বাচনের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনে বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মারিও মোন্তি ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচন পূর্ব জরিপে আভাস পাওয়া গেছে, পিয়ের লুইজি বেরসানির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোট ডেমক্রেটিক পর্টি (পিডি) সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।
মধ্য-বামপন্থী জোট, বার্লুসকোনির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী জোট পিপলস ফ্রিডম (পিডিএল) থেকে অল্প ব্যবধানে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপন্থী অপর একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোন্তি।
এছাড়া কমেডিয়ান বেপ্পে গ্রিলিও’র নেতৃত্বাধীন প্রথা বিরোধী আন্দোলনও নির্বাচনে ব্যাপক সমর্থন পেতে পারে বলে জরিপে আভাস পাওয়া গেছে। তার ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) জরিপে তৃতীয় অবস্থানে আছে।
পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য নির্বাচনের জন্য ইতালির ৪ কোটি ৭০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় শক্তিশালী একটি সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইতালির অর্থনৈতিক সঙ্কট দূর হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের জন্য নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতালির অর্থনীতির ওপর ইউনিয়ন মুদ্রা ইউরোর ভবিষ্যৎ অনেকটা নির্ভরশীল।
তবে কারো কারো আশঙ্কা নির্বাচনে ‘ঝুলন্ত’ পার্লামেন্ট পেতে পারে ইতালি।
