কৌতুকের সুরে অবসরের ইঙ্গিত রাউল ক্যাস্ত্রোর
কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর প্রেসিডেন্ট পদের প্রথম মেয়াদ শেষ হচ্ছে শনিবার। দ্বিতীয় মেয়াদের পরবর্তী পাঁচ বছরের জন্য রোববারই তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে শুক্রবার কিছুটা কৌতুকের সুরে নিজের অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ দিন সোভিয়েত সেনাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা একটি সৌধে সফরকারী রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভকে নিয়ে শ্রদ্ধা জানাতে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ইঙ্গিত দেন।
“আমি অবসর নিতে যাচ্ছি,” মেদভেদেভের উপস্থিতিতেই হাসতে হাসতে বলেন তিনি।
তিনি বলেন, “আমি ৮২ তে পড়তে যাচ্ছি, ইতোমধ্যে অবসর নেওয়ার অধিকার অর্জনও করে ফেলেছি। আপনারা আমাকে বিশ্বাস করেন না? আপনারা এতো সন্দিহান কেন?”
রোববারের জাতীয় পরিষদের বৈঠকের দিকে নিবিড় মনোযোগ দেওয়ার জন্য এসময় সাংবাদিকদের পরামর্শ দেন রাউল। ওই বৈঠকে পরবর্তী মেয়াদের প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় পরিষদ নির্বাচন করা হবে।
“ওই বৈঠকের বক্তব্যটা খুব আকর্ষণীয় হবে। লক্ষ্য রাখবেন,” মেদভেদেভকে নিয়ে চলে যাওয়ার সময় বলেন তিনি।
২০০৮ সালে বড় ভাই কিউবার বিপ্লবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর অবসরের পর কিউবার প্রেসিডেন্ট হন রাউল ক্যাস্ত্রো। আগামী জুনে তার বয়স ৮২ বছর হবে।
গত কয়েক বছর ধরে রাউল বলে আসছেন, কিউবার কমিউনিস্ট পার্টি ও সরকারি নেতাদের শুধু দুই মেয়াদে (১০ বছর) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা উচিত।
রোববার দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর ২০১৮ সালে ৮৬ বছর বয়সে নিয়মানুযায়ী অবসরের সুযোগ পেতে পারেন তিনি।
বয়সের তুলনায় এখনো বেশ প্রাণবন্ত রাউল দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করবেন বলেই বিদেশি বিশেষজ্ঞ, কূটনৈতিক ও কিউবার জনগণ আশা করছেন।
