২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় গোলায় নিহত ৩৯

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকায় রকেটের আঘাতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। রকেটের আঘাতে বিধ্বস্ত ভবনগুলোর একটির মধ্যে ১০ জনের একটি পরিবার আটকা পড়ে আছে।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 23 Feb 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আলেপ্পোর সরকারবিরোধী আন্দোলনকারীরা।

আলেপ্পোর আর্দ আল হামরা আবাসিক এলাকা থেকে স্কাইপের মাধ্যমে আন্দোলনকারী বারা আল ইউসেফ জানিয়েছেন, “ধ্বংসস্তুপের মধ্যে কয়েকটি পরিবার চাপা পড়েছে। ভয়াবহ দৃশ্য, এর বর্ণনা দেওয়া অসম্ভব।”

ইন্টারনেটে কয়েকজন আন্দোলনকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি জ্বলন্ত ভবনের আশপাশ থেকে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে রাতে ধারন করা ওই ভিডিওতে বিস্তারিত কিছু বোঝা না গেলেও চারপাশে পড়ে থাকা বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপ দেখা যাচ্ছিল।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে রামি আব্দুল রহমান আলেপ্পোয় তিনটি রকেটের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন।

এতে অন্তত ২৯ জন নিহত ও দেড়শ’ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

একটি রকেটের আঘাতেই ৩০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউসেফ।

এর আগে বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষমতাসীন বার্থ পার্টির কার্যালয় ও রাশিয়ার দূতাবাসের কাছের মহাসড়কে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫৩ জন নিহত ও ২শ’রও বেশি মানুষ আহত হয়।

গত প্রায় দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা জাতিসংঘের।