জাপানে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
জাপানে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
বৃহস্পতিবার দিনের প্রথমভাগে ওই ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জাপানের বিচার মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
জাপান সচরাচর একসঙ্গে বেশ কয়েকটি মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। ২০১২ সালের সেপ্টেম্বরের পর দেশটিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।
শিল্পন্নোত যে কয়েকটি রাষ্ট্রে মৃত্যুদণ্ড বহাল রয়েছে জাপানও সেগুলোর একটি।
তবে জাপানে সাধারণত একাধিক খুনের অভিযোগ প্রমাণিত হলেই কেবল মৃত্যুদণ্ড দেয়ার ঘটনা দেখা যায়।
দেশটির বিচারমন্ত্রী সাদাকাজু তানিগাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অত্যন্ত সচেতনভাবে বিষয়গুলো পর্যালোচনা করার পরই আমি মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘এগুলো ছিল চূড়ান্ত অর্থেই নির্দয় ঘটনা। খুব স্বার্থপরতার কারণে অপরাধীদের হাতে তাদের মূল্যবান জীবন খোয়াতে হয়েছে।’
মৃত্যুদণ্ড পাওয়া ৩ জন হলেন, ৪৪ বছর বয়সী করু কোবেয়াসি, যিনি ৭ বছরের একটি কন্যাশিশুকে হত্যা করেছে।
২৯ বছর বয়সী মাসাহিরো কানাগাওয়া, তিনি ২০০৮ সালে টোকিওর একটি বিপণীবিতানের বাইরে একজনকে হত্যা করার পাশাপাশি আরো ৭ জনকে আহত করেছেন।
তৃতীয়জন হলেন ৬২ বছর বয়সী কেইকি মুতো। তিনি ২০০২ সালে একজন বার মালিককে টাকার জন্য হত্যা করেন।
অধিকারগোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাপান শাখা জানিয়েছে, তারা বৃহস্পতিবারের এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
জাপানে ২০১১ সালে কোনো মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেনি। কিন্তু ২০১২ সালের মার্চ থেকে আবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শুরু হয়।
জাপানে ২০১১ সালের একটি সরকারি পরিসংখ্যানে দেখা যায়, শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে।
