২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অনির্বাচিত টেকনোক্র্যাট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখাত হওয়ার পর পদত্যাগ করেছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হামাদি জেবালি। বিরোধীদলীয় এক শীর্ষ নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার জেরে প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হল।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 20 Feb 2013, 08:52 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মঙ্গলবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট মন্সেফ মারজুকির কাছে পদত্যাগপত্র পেশ করেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি তিউনিসিয়ার ধর্মনিরপেক্ষ বিরোধীদলীয় শীর্ষ নেতা চোকরি বেলাইদ তার বাড়ির কাছে অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হন। জনপ্রিয় এই নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তিউনিসিয়ার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ভেঙে দিয়ে অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে নিরপেক্ষ সরকার গঠন করে আগাম নির্বাচন দেওয়ার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী জেবালি।

কিন্তু তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদলগুলো। বিপর্যয় তৈরি হয় যখন জেবালির নিজ দল ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক ইসলামপন্থি এন্নাহদা পার্টির পক্ষ থেকেও তার প্রস্তাবের বিরোধিতা করা হয়।

প্রধানমন্ত্রী কারো সঙ্গে আলোচনা না করেই এমন প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করে দলটির অন্যান্য শীর্ষ নেতারা।

এছাড়া ক্ষমতাসীন জোটের অন্যান্য দলগুলোও একই অভিযোগ করে।

প্রেসিডেন্ট মারজুকির ধর্মনিরপেক্ষ দলও ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়।

দুই বছর আগে আরব বিশ্বের একনায়কবিরোধী গণতান্ত্রিক বিপ্লব “আরব বসন্ত” এই তিউনিসিয়া থেকেই শুরু হয়েছিল। একনায়ক বেন আলির পতনের পর অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে এন্নাদাহ পার্টি পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়ে জোট সরকার গঠন করে।

কয়েকজন ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ জেবালির প্রস্তাব সমর্থন করলেও বেকে বসে এন্নাদাহ। জেবালির প্রস্তাব বাস্তবায়িত হলে ক্ষমতা ছাড়তে হতে পারে এই আশঙ্কায় প্রস্তাবের বিরোধিতায় অনড় থাকে তারা।

প্রস্তাব মানা না হলে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দেন জেবালি, কিন্তু তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার প্রেসিডেন্ট মারজুকির সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসার পর তিনি জানান, “আমি বলেছিলাম আমার পরিকল্পনা বাস্তবায়িত না হলে পদত্যাগ করবো, আমি ইতোমধ্যেই তা করেছি।”

পদত্যাগ করলেও পর্যবেক্ষরা মনে করছেন, নতুন কোনো প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট মারজুকি জেবালিকেই অস্থায়ী সরকার প্রধান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবেন।

গত ১৫ মাস তিনি তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।