২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্য বস্তু ছুটে আসলে থামানোর উপায়!

উল্কা ও গ্রহাণুপিণ্ডের মতো মহাশূন্য বস্তু পৃথিবীর দিকে ছুটে আসতে থাকলে তা কিভাবে থামানো যাবে? উল্কাপিণ্ডের আঘাতে প্রায় ১২শ’ মানুষ আহত ও ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার পর রাশিয়াজুড়ে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 08:50 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

শুক্রবার ভোরে ওই উল্কাপিণ্ডটি রাশিয়ার উরাল এলাকায় আঘাত হানে। একইদিন একটি ফুটবল মাঠের অর্ধেক আকৃতির একটি গ্রহাণুপিণ্ড পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায়।

এমনিতেই বিরল এ ঘটনাদুটির সম্মিলন অতি বিরল একটি ঘটনা হিসেবে চিহ্নিত হয়। গ্রহাণুপিণ্ডটি সোজা পৃথিবীর দিকে ছুটে আসলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারতো তা রাশিয়ার উল্কাপিণ্ডের ঘটনা থেকে অনুমান করতে পারে মানুষ।

এসব ঘটনা ছয়কোটি বছর আগে পৃথিবীতে ধুমকেতুর পতন ও তাতে ডাইনোসরসহ অধিকাংশ প্রাণের বিলুপ্তির কথা সামনে নিয়ে আসে। সে ধরনের কোনো কিছুর সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে ওঠে বিশ্বের অনেক মানুষ।

এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশেষজ্ঞরা কিছু উপায় দেখিয়েছেন প্রথম দৃষ্টিতে যেগুলোকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে মনে হয়।

তাদের পরামর্শ হচ্ছে, অগ্রসরমান গ্রহাণুপিণ্ডের পৃষ্ঠে মহাকাশযান আছড়ে ফেলে এর গতিপথ পাল্টে দেয়া যেতে পারে, অগ্রসরমান মহাশূন্য বস্তুপিণ্ডের দিকে সূর্যের আলো তাক করে সেগুলোকে বাষ্পীভূত করে দেওয়া যেতে পারে অথবা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোকে ধূলিস্যাৎ করে দেয়া যেতে পারে।

যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন, রাশিয়ায় যে ঘটনা ঘটেছে সে রকম উল্কাপাত এক জীবনে একটিই ঘটার সম্ভাবনা আছে। তারপরও বিজ্ঞানীদের এমন পরামর্শে উদ্বিগ্ন রাশিয়ার সাধারণ মানুষ অনেকটাই স্বস্থিবোধ করছেন।

রাশিয়ার ১নম্বর উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন তার ট্যুইটার একাউন্টে মন্তব্য করে বলেছেন, “পৃথিবীর জন্য হুমকি সৃষ্টি করা এসব বস্তু শনাক্ত করে নিষ্ক্রিয় করে দিতে আমাদের অবশ্যই একটি উপায় বের করতে হবে।”

তিনি জানান, এ ধরনের উল্কাকে লক্ষ্য করে ছোঁড়ার মতো কোনো পরমাণু ক্ষেপণাস্ত্র রাশিয়ার বা যুক্তরাষ্ট্রের নেই।

এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দুহাত তুলে বলেছেন, এ ধরনের ঘটনা ঠেকানোর মতো প্রযুক্তি কোনো দেশেরই নেই।

এখন বিজ্ঞানীদের পরামর্শে কিছুটা হলেও নিরাপদ বোধ করছেন রাশিয়ার মানুষ। সোমবার অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক বিজ্ঞান সম্মেলন থেকে বিজ্ঞানীরা ওইসব পরামর্শ দেন।

ওই সব মহাকাশ বস্তুর মোকাবেলায় এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা।