উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা কঠোর করছে ইইউ
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সোমবার একমত হয়েছে। জানুয়ারিতে আরোপিত নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর পাশাপাশি কঠোর করা হচ্ছে বাণিজ্য নিষেধাজ্ঞা।
গত সপ্তাহে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর শাস্তিস্বরূপ দেশটিতে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর দেশগুলো।
জানুয়ারিতে উত্তর কোরিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা আরো বাড়ানোসহ দেশটির সরকারি বন্ড, স্বর্ণ, মুল্যবান ধাতু এবং হীরা বাণিজ্য বন্ধের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইইউ এর কূটনীতিকরা।
ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে বলেন, “আমরা নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য চাপ দিয়েছি। শুধু আঞ্চলিকই (কোরিয়া উপদ্বীপ) নয় বরং বিশ্বের জন্য হুমকি সৃষ্টিকারী পরমাণু কর্মসূচির জবাবেই এ পদক্ষেপ।”
নতুন নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য কিছু উপাদান নিষিদ্ধ হবে।
তাছাড়া, ইইউ দেশগুলোতে উত্তর কোরিয়ার ব্যাংকের শাখা খোলা এমনকি উত্তর কোরিয়াতেও ইউরোপীয় দেশগুলোর ব্যাংকের শাখা খোলা নিষিদ্ধ করা হবে।
তবে ইইউ দেশগুলোতে উত্তর কোরিয়ার ব্যাংকের কোনো শাখা আছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি কূটনীতিকরা।
উত্তর কোরিয়া সম্প্রতি জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৃতীয়বারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা-সমালোচনার শিকার হয়েছে।
এর আগে ২০০৬ ও ২০০৯ সালে পরমাণু পরীক্ষা চালিয়েছিল দেশটি।
