বিজেএমসির কাছে মুক্তিযোদ্ধার হার
সোমবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
বিজেএমসির জয়ের নায়ক গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা। ম্যাচের ৭ মিনিটে ক্যামেরুনের মিডফিল্ডার জুলেস ইকাঙ্কার থ্রু পাসে বানগুরা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন (১-০)।
ম্যাচের পরবর্তী সময়ে শতচেষ্টা করেও মুক্তিযোদ্ধা গোলটি শোধ করতে পারেনি। অবশ্য ম্যাচের শেষদিকে তারা একটি গোল করলেও রেফারি জসিমউদ্দিন ফাউলের দোহাইতে তা বাতিল করে দেন।
এই জয়ে বিজেএমসি ১৯ পয়েন্ট ঝুলিতে পুরে চতুর্থ স্থানে উঠে এসেছে এবং মুক্তিযোদ্ধা ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ষ্ঠ স্থানেই।
