২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন: খসড়া প্রস্তাব করছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ৮ বছরের মধ্যে বৈধ করে নিতে একটি খসড়া প্রস্তাব তৈরি করছে হোয়াইট হাউস। অভিবাসন আইন সংস্কার বিলে কংগ্রেসে মতৈক্য না হলে সহায়ক ব্যবস্থা হিসাবে হোয়াইট হাউস এ খসড়া প্রস্তাবটি হাতে রাখছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Feb 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

অভিবাসন সংস্কার বিলে কংগ্রেস কমিটি মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে সেক্ষেত্রে একটি বিকল্প হিসাবে খসড়া অভিবাসন সংস্কার পরিকল্পনা তৈরি করছে হোয়াইট হাউস। ওবামা প্রশাসনের কর্মকর্তারা রোববার একথা জানান।

খসড়া এ প্রস্তাবের আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীরা ৮ বছরের মধ্যে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পেতে পারেন।

তাছাড়া, এ পরিকল্পায় নিরাপত্তা খাতের তহবিলে অতিরিক্ত বরাদ্দ দেয়ার কথা বলা ছাড়াও ব্যবসায়ীদেরকে চার বছরের মধ্যে তাদের প্রতিষ্ঠানে নতুন অভিবাসী কর্মী নিয়োগ দেয়ার ক্ষেত্রে তার অভিবাসন অবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে।

হোয়াইট হাউসের চীফ অব স্টাফ ডেনিস ম্যাকডোনা বলেছেন, কংগ্রেসে দুপক্ষের প্রচেষ্টায় অভিবাসন বিলে মতৈক্য হবে বলেই তিনি আশা করছেন। তবে তারপরও হোয়াইট হাউস আরেকটি ‘বি’ পরিকল্পনা হাতে রাখতে চাইছে।

কংগ্রেস অভিবাসন আইন সংস্কারে শিগগিরিই মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই অভিবাসন আইন সংস্কার বিল পার্লামেন্টে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন ইতোমধ্যেই।

ওবামা কিছুদিন আগেই ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে কয়েকমাসের মধ্যে অভিবাসন আইন সংস্কারে কংগ্রেসকে আহ্বান জানান। ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টি এবং বিরোধী দল রিপাবলিকান পার্টি মিলিয়ে মোট ৮ জন সিনেটরের বিশেষ কমিটি গতমাসে অভিবাসন সংস্কার পরিকল্পনা প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বৈধ করে নিতে এবারই প্রথম একমত হয়েছে দল দুটি।তবে সংস্কারের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে এখনো মতানৈক্য রয়ে গেছে দু’দলের মধ্যে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা ইস্যুতে দু’পক্ষ একমত হতে পারছে না।