রাশিয়ার উরাল এলাকায় বিস্ফোরণসহ উল্কাপাত, আহত ৪
রাশিয়ার মধ্যাঞ্চলীয় উরাল এলাকায় শুক্রবার সকালে প্রচণ্ড বিস্ফোরণের পর আকাশ থেকে জলন্ত বস্তু এসে পড়েছে। বিস্ফোরণের শব্দে জানালার কাঁচ ভেঙে কয়েকজন আহত হয়েছেন।
জলন্ত বস্তুপিণ্ডগুলোকে উল্কা বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরী উদ্ধার ও ত্রাণ বিভাগের এক কর্মকর্তা।
কয়েকশত কিলোমিটার দূর থেকেও জলন্ত বস্তুগুলো দেখা যায় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
রাশিয়ার জরুরী উদ্ধার বিভাগের এক কর্মকর্তা জানান, “নিশ্চিতভাবে এটি কোনো বিমান ছিল না। আমরা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। এখনো পর্যন্ত হতহতের কোনো খবর পাইনি আমরা।”
উল্কাপাতে কেউ আহত হননি বলে এক কর্মকর্তা রাশিয়ার আরআইএ- নভোস্তি সংবাদ সংস্থাকে জানিয়েছেন।
তবে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উড়ন্ত কাঁচের আঘাতে চার জন আহত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, তারা উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক ও সেভারদবস্ক এলাকার আকাশে জলন্ত বস্তু দেখেছেন।
রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, ভোরে তিনি প্রচণ্ড শব্দ শুনেছেন ও এর প্রভাবে তার ১৯ তলা ভবনটি কেঁপে উঠেছে।
তিনি গাড়ির হর্ণের শব্দ ও জানালা ভেঙে পড়ার শব্দ পেয়েছেন বলেও জানিয়েছেন।
জরুরী বিভাগের আরেক কর্মকর্তা আরআইএ- নভোস্তিকে বলেছেন, “প্রাথমিক তথ্যানুযায়ী এটিকে উল্কাপাত বলেই ধারণা করা হচ্ছে। ভূমি থেকে ১০ কিলোমিটার উচ্চতায় একটি বিস্ফোরণ ঘটেছে বলে আমরা প্রমাণ পেয়েছি।”
উল্কার আঘাতে মাটি কেঁপে ওঠার কথা জানিয়েছে চেলিয়াবিনস্ক এলাকার মানুষ।
