২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে গ্রহাণুপিণ্ড

একটি ফুটবল মাঠের অর্ধেক আকারের একটি গ্রহাণুপিণ্ড শুক্রবার পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। নতুন আবিষ্কৃত এই গ্রহাণুপিণ্ডটির মাপের কোনো কিছু জানা মতে এর আগে পৃথিবীর এত কাছ দিয়ে যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 07:04 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

এতে কোনো মহাকাশ যানের সাহায্য ছাড়া প্রথমবারের মতো খুব কাছ থেকে এত বড় একটি গ্রহাণুপিণ্ড পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময় শনিবার প্রথম প্রহরে গ্রহাণুপিণ্ডটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে। প্রতি সেকেন্ডে ১৩ কিলোমিটার বেগে চলা গ্রহাণুপিণ্ডটির সঙ্গে এ সময় পৃথিবীর দূরত্ব হবে মাত্র ২৭ হাজার ৫শ’ ২০ কিলোমিটার।

এতে পৃথিবীকে ঘিরে থাকা টেলিভিশন ও আবহাওয়া স্যাটেলাইটগুলো থেকেও এটি পৃথিবীর কাছকাছি চলে আসবে।

২০১২ ডিএ১৪ নামের এই গ্রহাণুপিণ্ডটি পৃথিবীর এত কাছ দিয়ে গেলেও চলতি সপ্তাহে বা নিকট ভবিষ্যতে বিশ্বের উপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত নাসার জেট প্রপালশন গবেষণাগারের জ্যের্তিবিজ্ঞানী ডোনাল্ড ইয়োম্যানস্ বলেছেন, ডিএ১৪ পৃথিবীর প্রায় সমান সময়ে সূর্যকে প্রদক্ষিণ করলেও পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় মহাকর্ষের প্রভাবে গ্রহাণুপিণ্ডটির গতিপথ পরিবর্তিত হয়ে যাবে।

এতে গ্রহাণুপিণ্ডটির সূর্যকে প্রদক্ষিণ করার সময় কয়েক মাস কমে যাবে বলে জানান তিনি।

পৃথিবী থেকে পাঠানো কোনো কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইটের) গ্রহাণুপিণ্ডটির গতিপথে পড়বে না বলে জানিয়েছেন টিএস কেলসো, তিনি মহাশূন্য বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান ‘মহাশূন্য তথ্য সংস্থার’ ব্যবস্থাপক।

খুব কাছ দিয়ে গেলেও টেলিস্কোপ বা দূরবীন ছাড়া গ্রহাণুপিণ্ডটিকে ভালোভাবে দেখা যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।