ফুসফুস ক্যান্সারে মৃত্যুঝুঁকিতে ইউরোপীয় নারীরা
ধূমপানের কারণে ইউরোপীয় নারীদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকি বাড়ছে।স্তন ক্যান্সারে মৃত্যুর হারকে অচিরেই ছাড়িয়ে যাবে ফুসফুস ক্যান্সারে নারী মৃত্যুর হার।নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
ফুসফুস ক্যান্সারের নারী মৃত্যুর হার এরই মধ্যে বেড়েছে যুক্তরাজ্য এবং পোল্যান্ডে।১৯৬০ ও ৭০ দশকে ধূমপান শুরু করা নারীদের মধ্যে এ হার বেশি পরিলক্ষিত হচ্ছে।
আগামী কয়েক বছর ধরে তা বাড়তে থাকবে। তবে বর্তমানে কম সংখ্যক নারী ধূমপানে আসক্ত হওয়ার কারণে এক সময় এ হার কমে আসবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
গবেষকরা বলছেন, ২০১৩ সালে ৮২,৬৪০ জন নারী ফুসফুস ক্যান্সারে মারা যাবে।আর ৮৮,৮৮৬ জন মারা যাবে স্তন ক্যান্সারে।
এ ধারা অব্যাহত থাকলে ২০১৫ সাল নাগাদ ফুসফুস ক্যান্সারে নারী মৃত্যুহার স্তন ক্যান্সারে নারী মৃত্যুহারকে ছাড়িয়ে যাবে বলেই ধারণা প্রকাশ করেছেন ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারলো লা ভেচ্চিয়া ও তার সহকর্মীরা।
কারলোর গবেষকদলটি ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ)২৭টি সদস্য রাষ্ট্র এবং একই সঙ্গে ছয়টি দেশ- ফ্রান্স,জার্মানি,ইতালি,পোল্যান্ড,স্পেইন এবং যুক্তরাজ্যে সব ধরনের ক্যান্সার বিশেষ করে পাকস্থলি,বৃহদান্ত,অগ্নাশয়,ফুসফুস,অগ্রগন্থি,স্তন,জরায়ু এবং লিউকোমিয়ার উপর এ গবেষনা চালান।
এতে দেখা গেছে, মানুষজন এখন দীর্ঘায়ু হওয়ার কারণে ক্যান্সার আক্রান্ত হচ্ছে বেশি।তবে সামগ্রিকভাবে ক্যান্সার আক্রান্ত রোগীরা মারা যাচ্ছে কম।
কিন্তু গবেষণায় এও দেখা গেছে যে, ক্যান্সারে সামগ্রিকভাবে মৃত্যুহার কম হলেও ইইউভুক্ত সব দেশেই নারীদের মধ্যে ফুসফুস ক্যান্সারে মৃত্যুহার বেড়ে চলেছে।
তবে গবেষকরা বলছেন, বর্তমানে ইউরোপে ধূমপায়ী নারীর সংখ্যা কমছে।এতে করে ২০২০ সাল নাগাদ ফুসফুস ক্যান্সরে নারী মৃত্যুহার কমে আসার ব্যাপারে তারা আশাবাদী।
অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার এখনো মৃত্যুর প্রধান কারণ। তবে এ হার ২০০৯ সাল থেকে ৬ শতাংশ কমে এসেছে।
