থাই সেনা ঘাঁটিতে হামলা, ১৭ জঙ্গি নিহত
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় অন্ততপক্ষে ১৭ জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
বুধবার সকালে দেশটির নারাতিওয়াত প্রদেশে এই ঘটনা ঘটে। প্রদেশটি মালয়েশিয়ার সীমান্তবর্তী। এতে সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে সহিংস ঘটনার সংখ্যা বেড়ে গেছে।
২০০৪ সাল থেকে প্রায় এক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধ্যুষিত এই অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় ৫ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে।
বিচ্ছিনতাবাদীরা নিয়মিতই হামলা চালিয়ে থাকে। সচরাচর তারা রাস্তার পাশে পেতে রাখা বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।
থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল লেফট্যানান্ট জেনারেল পারাডর্ন পাত্তানাথাবুতুর বলেছেন, ‘আমি যতদূর জানি, অন্ততপক্ষে ৬০ জনের একটি সশস্ত্র জঙ্গিদল আমাদের বাচো মেরিন ঘাঁটিতে ভোরে হামলা চালায়। এতে জঙ্গিদের ১৭ জন নিহত হয়।’
দক্ষিণাঞ্চলীয় পাত্তানি, ইয়ালা এবং নারাতিওয়াতকে একসঙ্গে শ্যামদেশ বলা হয়। ওই নামেই শতাব্দীরও বেশি সময় আগে থাইল্যান্ড পরিচিত ছিল। ওই তিনটি প্রদেশের সংখ্যাগরিষ্ঠরা মুসলিম।
কিন্তু থাইল্যান্ডের মোট জনসংখ্যার অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী।
থাই সরকার ওই অঞ্চলে হাজার হাজার সেনা ও পুলিশ নিয়োজিত করেছে। কিন্তু এরপরও সহিংসতা রোধ করা সম্ভব হচ্ছে না।
রোববার ইয়ালায় সন্দেহভাজন জঙ্গিদের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত হয়।
