সিরিয়ায় চব্বিশ ঘন্টায় নিহত ৬৪
দামেস্ক শহরের প্রান্তবর্তী এলাকাগুলোর বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে বলেও দাবী করেছে স্থানীয় বাসিন্দারা।
দ্বিতীয় দিনের মতো রাজধানী দামেস্কের চারপাশে বিদ্রোহীদের অবস্থানগুলোতে তীব্র গোলাবর্ষণ করেছে সিরিয়ার সেনাবাহিনী, ওই অবস্থানগুলোর আশপাশে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইও অব্যাহত আছে।
এসব লড়াই, গোলাবর্ষণে ৬৪ জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
বৃহস্পতিবার নিহতদের মধ্যে তিনজন নারীসহ পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন। সেনাবাহিনীর নিক্ষিপ্ত মর্টার গোলার আঘাতে দামেস্কের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থী শিবির ইয়ারমুকে এরা নিহত হয় বলে জানিয়েছে সংগঠনটি।
দামেস্ক শহরের প্রান্তবর্তী এই এলাকাগুলোর বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে বলেও দাবী করেছে স্থানীয় বাসিন্দারা।
দামেস্ক শহরের প্রান্তবর্তী এলাকগুলোয় বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সেনাবাহিনী তীব্র আক্রমণ শুরু করেছে বলে বুধবার সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছিলেন।
একই দিন অবজারভেটরির পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছিল।
বৃহস্পতিবার অবজারভেটরি জানিয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পরবর্তী ২৪ ঘন্টায় ২১ জন বেসামরিক নাগরিক, ৩২ জন বিদ্রোহী ও ১১ জন সেনা সদস্যসহ মোট ৬৪ জন নিহত হয়েছেন।
মূলত দামেস্কের দক্ষিণ ও পূর্বাপ্রান্তের এলাকাগুলোর বিদ্রোহী অবস্থানগুলো লক্ষ্য করে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এই এলাকায় আসাদ বিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে বলে জানা গেছে।
গত ২২ মাস ধরে চলা সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ।
