স্ববিরোধিতায় মিশরের বিরোধীদলগুলো
নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর প্রশ্নে স্ববিরোধিতায় ভুগছে মিশরের উদার, মধ্যপন্থী ও বামপন্থী বিরোধীদলগুলোর জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রণ্ট (এনএসএফ)। তবে বিবৃতি দিয়ে সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদের ডাক দেওয়ার পর ফ্রন্টের মুখপাত্র তা অস্বীকার করেছেন।
নিরাপত্তাবাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৫৯ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর গত শনিবার ফ্রন্ট প্রকাশিত এক বিবৃতিতে, হত্যা, নির্যাতন ও অবৈধ আটকের জন্য মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি, তার স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবের সঙ্গে জড়িত সরকারী কর্মকর্তাদের বিষয়ে তদন্ত করে তাদের বিচার করার দাবি করে।
এছাড়া স্বৈরতান্ত্রিক সরকারকে উচ্ছেদে জনগণের দাবির প্রতি সমর্থন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্বৈরতান্ত্রিক সরকারকে উচ্ছেদ ও মুসলিম ব্রাদারহুডের আধিপত্য অবসানে মিশরের জনগণের দাবির প্রতি এনএসএফের সম্পূর্ণ সমর্থন আছে।
এই দাবি অর্জনে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি এনএসএফের সমর্থন আছে এবং এই লক্ষ্যে রাস্তায় বিক্ষোভ মিছিল করার জন্য মিশরবাসীর প্রতি আহ্বান জানায় তারা।
কিন্তু সোমবার এনএসএফের মুখপাত্র খালেদ দাউদ বলেন, জোটের উদারপন্থী, সোশ্যাল ডেমক্রেটিক ও বামপন্থী দলগুলো সাতমাস আগে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি করেনি।
তিনি বলেন, আমরা এখনই প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতা থেকে হটানোর ডাক দিচ্ছি না। আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হয়েছেন, তবে এর মানে এই নয় তিনি সবকিছু পাল্টে ফেলার অধিকার পেয়ে গেছেন।
এনএসএফ যখন সরকার প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে ঠিক সেই সময় নীলনদ উপত্যকার আল গারবিয়া শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল সরকার বিরোধী প্রতিবাদকারীরা।
পুলিশ জানিয়েছে, প্রতিবাদকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সরকারী দপ্তরগুলো ও থানায় হামলা চালায়।
প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার লক্ষ্য করে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর একটি সূত্র।
