২৩ হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে তিন হামাস আইনপ্রণেতাসহ স্থানীয় কয়েকজন হামাস নেতাকে ইসরায়েল গ্রেপ্তার করেছে ।এ পদক্ষেপের কোনো কারণ জানায়নি ইসরায়েল।
অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি গেরিলা দল হামাসের কয়েকজন স্থানীয় নেতাসহ তিন আইনপ্রণেতাকে সোমবার গ্রেপ্তার করেছে ইসরায়েল।হামাস এবং ইসরায়েলের সেনাবাহিনী একথা জানিয়েছে।
এক বৃবিতিতে হামাস জানায়, তাদের আইনপ্রণেতা আহমেদ আত্তুন, হাতেম কাফিসাহ এবং মোহাম্মাদ আল তালহাদসহ স্থানীয় কিছু নেতাকে ইসরাইল সকালের দিকে আটক করেছে।
ওদিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র হামাসের আইনপ্রণেতাকে গ্রেপ্তার করার ব্যাপারে কিছু বলেননি, আটককৃতদের পরিচয় জানাননি এবং এ পদক্ষেপের কোনো কারণও উল্লেখ করেননি।
তিনি কেবল বলেন, “২৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ২৩ জন হামাসের।”
হামাস তাদের বিবৃতিতে গ্রেপ্তারের এ ঘটনাকে অপরাধমূলক তৎপরতা আখ্যা দিয়ে বলেছে, এ ধরণের কাজ তাদের সংগ্রাম বন্ধ করতে পারবে না।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা হামাস নেতাদেরকে অযৌক্তিক ভাবে গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি।’
ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপগুলোও এ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্যদিয়ে ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে শান্তি আলোচনা ক্ষুন্ন করা হচ্ছে।
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হামাস ২০০৬ সালে ফিলিস্তিনের সর্বশেষ নির্বাচনে জয়লাভ করে।
এরপর গাজায় হামাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী দল ফাতাহর সশস্ত্র সংঘাত শুরুর পর ২০০৭ সালে ফাতাহকে হটিয়ে গাজার শাসনক্ষমতা দখল করে হামাস।
এরপর থেকেই গাজা শাসন করছে হামাস আর পশ্চিম তীরের শাসনভার আছে ফাতাহর হাতে।২০১১ সালে ফাতাহ-হামাস সম্প্রীতি চুক্তি করলেও তা বাস্তবায়তি হয়নি।
