২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব আরো নিরাপদ: বিদায়ী ভাষণে হিলারি

যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, চার বছর আগের তুলনায় বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী ভাষণে হিলারি বলেন, “আমরা একসঙ্গে যেসব কাজ করেছি তার জন্য আমি গর্বিত।”

এ সময় তুরস্কে মার্কিন দূতাবাসে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “অবশ্যই আমরা একটি জটিল ও বিপদজনক সময়ে বাস করছি।”

কিন্তু ২০০৯ সালে যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তখনের চেয়ে এখন অনেক বেশি ‘আশাবাদী’ বলে জানান তিনি।

সাবেক সহকর্মীদের উদ্দেশে হিলারি বলেন, “আমাদের দেশ ও আমাদের বিশ্ব আরো শক্তিশালী, আরো নিরাপদ এবং আরো ভালো করতে আমরা সবাই নিজের মতো করে কিছু করার সুযোগ পেয়েছিলাম বলে আমি কৃতজ্ঞ।”  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর চার বছরে একশ’ ১২টি দেশ সফর করেছেন হিলারি ক্লিনটন (৬৫)। তার সময়ে ইরাক যুদ্ধ শেষ করেছে মার্কিন বাহিনী। সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে- চূড়ান্ত হয়েছে আফগানিস্তান থেকে ফেরার পরিকল্পনা। এ সময়ে উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্য। আরব বসন্তে সরকার বদল হয়েছে তিউনিসিয়া, মিশর ও লিবিয়ায়।

তবে লিবিয়ায় মার্কিন কনস্যুলেটে হামলায় রাষ্ট্রদূত নিহতের ঘটনা ঘটেছে। শেষ কার্যদিবসে হামলা হয়েছে তুরস্কে মার্কিন দূতাবাসে।

সাবেক ফার্স্ট লেডি হিলারির জায়গায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ম্যাসাচুসেটসেরি সিনেটর জন কেরি। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

দেশের ৬৭তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ে ‘অনন্য ও একক, চমকপ্রদ ও চ্যালেঞ্জিং’ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন বলে জানান হিলারি।

এদিন মন্ত্রণালয়ে বিদায়ী ভাষণের আগে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

চিঠিতে হিলারি বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় বিশ্ব নেতা হিসেবে আমেরিকার শক্তি সংহত এবং সেই শক্তি শুভ’র পক্ষে বলে তিনি বিশ্বাস করেন।