২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে জাতিসংঘ বাহিনী চায় ফ্রান্স

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা বৃহস্পতিবার সমর্থন করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী।এ ধরনের পরিকল্পনায় ফ্রান্স ভূমিকা রাখবে বলে জানান তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jan 2013, 12:18 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মালিতে ফরাসি বাহিনীর সামরিক অভিযানের আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেখানে এ ধরনের বাহিনী পাঠানোর ব্যাপারে গররাজি থাকলেও এখন দেশটিতে জাতিসংঘ সেনা পাঠানো নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ।

ফরাসি সামরিক বাহিনী বুধবার মালির আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সর্বশেষ ঘাঁটি কিদাল শহর পুনর্দখল করেছে।এখন খুব শিগগিরই জঙ্গিবিরোধী এ অভিযানের ভার অফ্রিকান বাহিনীর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছে তারা।পার্বত্যাঞ্চলগুলো জঙ্গিমুক্ত করার অভিযান চালাবে এ বাহিনী।

জাতিসংঘ দূতরা বলছেন, এ সময়ে মালিতে শান্তিরক্ষী পাঠানো হলে তা আফ্রিকার নেতৃত্বাধীন বাহিনীর জন্য স্পষ্টতই সুধিজনক হবে।

ফ্রান্স আন্তর্জাতিক বেতারে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীও বলেছেন, শান্তিরক্ষী মোতায়েন করাটা খুবই ইতিবাচক।আমি চাই এ পদক্ষেপ নেয়া হোক।” এক্ষেত্রে ফ্রান্স অবশ্যই তার ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

মালির উত্তরাঞ্চলের শহরগুলোতে জঙ্গিদের ১০ মাসব্যাপী নিয়ন্ত্রণ ভেঙে দিতে তিন সপ্তাহের স্থল ও বিমান হামলার জন্য ফ্রান্স দেশটিতে ৪ হাজার ৫শ’ সেনা মোতায়েন করেছে।

মালির সেনাদের সঙ্গে যোগ দিয়ে কয়েকদিনের অভিযানে প্রাদেশিক রাজধানী গাও এবং টিম্বাকটু জঙ্গিমুক্ত করার পর শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ ছাড়াই কিদাল শহর পুনর্দখল করে ফরাসি সেনারা।

জঙ্গিরা কিদাল থেকে পিছু হটে আশেপাশের পার্বত্যাঞ্চলগুলোতে গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।