২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেটের অনুমোদন পেলেন কেরি

প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 04:34 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার কেরির মনোনয়ন নিশ্চিত করার ক্ষেত্রে সেনেটর সদস্যরা প্রায় একযোগে সম্মতি জানায়।

কেরির মনোনয়নের পক্ষে পড়ে ৯৪ ভোট আর বিপক্ষে মাত্র ৩ ভোট। বিপক্ষে ভোট দেওয়া রিপাবলিকান তিন সিনেটরের দুজন টেক্সাসের ও অপরজন ওকলাহোমার।

দ্বিতীয় মেয়াদে ওবামার জাতীয় নিরাপত্তা টিমেরর সদস্যদের মধ্যে কেরির মনোনয়নই প্রথম নিশ্চিত হল।

এই মনোনয়নের আগে কেরিকে সিনেটের বৈদেশিক নীতি সম্পর্কিত কমিটির শুনানির মুখোমুখি হতে হয়েছিল। ওই শুনানির পাঁচদিন পর কেরির মনোনয়ন নিশ্চিত করতে ভোট গ্রহণে সম্মত হয় সিনেট।

নিজে পররাষ্ট্রমন্ত্রী পদে মনোনয়ন পাওয়ার আগে গত চারবছর কেরি সিনেটের ওই বৈদেশিক নীতি সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ছিলেন। সিনেটে ভোট গ্রহণের আগে একইদিন সকালে এই কমিটির সদস্যরাও সর্বসম্মতিক্রমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেরির মনোনয়ন সমর্থন করেন।

৬৯ বছর বয়সী কেরি পাঁচ মেয়াদে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য ছিলেন। তিনি ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন, কিন্তু রিপাবলিকান প্রার্থী জর্জ বুশের কাছে পরাজিত হন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামী সপ্তাহের প্রথমদিকে তার শপথ গ্রহণের সম্ভবনা আছে। বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শুক্রবার শেষ অফিস করবেন হিলারি।