মিশরে কারফিউ ভেঙে বিক্ষোভ
মিশরে জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে সুয়েজ খাল বরাবর শহরগুলোতে সোমবার বিক্ষোভ করেছে জনতা।
পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া, সুয়েজ এ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তারা কয়েকটি থানায়ও হামলা চালায়। পোর্ট সৈয়দ শহরে রাতভর সংঘর্ষে অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চলমান সহিংসতা নিয়ন্ত্রণে এসব শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছিলেন প্রেসিডেন্ট মুরসি।
রোববার মুরসি পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে সাময়িক জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেন।
সমস্যা সমাধানে প্রেসিডেন্ট বিরোধী দলগুলোকে আলোচনার বসার ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।মুরসির পতনের দাবিতে বিক্ষোভ করেছে জনতা।
মধ্যরাতে পুলিশের গাড়িতে আগুন দেওয়াসহ পোর্ট সৈয়দে রাতের অন্ধকারে পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
এর আগে সোমবার জরুরি অবস্থার মধ্যেই তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।গুলিতে এক পথচারী নিহত হয়।
মিশরে হোসনি মুবারকের পতনের দু’বছর পূর্তিতে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরদিন বিভিন্ন স্থানে সহিংসতা চলে।
গত বছর মিশরে ফুটবল স্টেডিয়ামে সহিংসতায় সঙ্গে জড়িত থাকার অপরাধে গত শনিবার ২১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলে নতুন করে সহিংসতা শুরু হয়। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত দেশটিতে ৪৯ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।
