২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ প্রয়োগে বিরল ‘পিগমি’ হাতি হত্যা

মালয়েশিয়ার সাবা রাজ্যের বোর্নিও দ্বীপের একটি সংরক্ষিত বনে দশটি বিপন্ন প্রজাতির পিগমি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদের বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 09:37 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

গত তিন সপ্তাহের মধ্যে হাতিগুলোকে কাছাকাছি জায়গায় মৃত অবস্থায় পাওয়া গেছে। সবগুলো হাতিই পাকস্থলীর রক্তক্ষরণে মারা গেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

একটি মৃত হাতির কাছে তিনমাসের একটি বাচ্চা হাতিকে পাওয়া গেছে, সে তার মাকে জাগানোর চেষ্টা করছিল।

সাবা রাজ্যের পরিবেশমন্ত্রী মাসিদি মাজুন দিনটিকে “পরিবেশ সংরক্ষণের একটি শোকাবহ দিন” বলে উল্লেখ করেছেন। সাবা রাজ্যের জন্যও দিনটি শোকের বলে তিনি উল্লেখ করেন।

গুনুঙ্গ রারা সংরক্ষিত বনাঞ্চলের প্রধান পশুচিকিৎসক সেন নাথান বলেন, বিশ থেকে চার বছর বয়সী মৃত হাতিগুলোকে একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে চারটি হাতির মৃতদেহ পাওয়া যায়। এর পরপরই মৃত ও মারা যাচ্ছে এমন আরো চারটি হাতি পাওয়া যায়।

চলতি মাসের প্রথম দিকে আরো দুটি হাতির অর্ধগলিত মৃতদেহ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন সাবা বন্যপ্রাণী বিভাগের পরিচালক লরেন্তিয়ুস আম্বু।

মৃত হাতিগুলোর দাঁত অক্ষুণ্ন থাকায় চোরা শিকারিদের হাতে এদের মৃত্যু হয়নি বলে ধারণা করা হচ্ছে। হাতিগুলোর শরীরে গুলির কোনো ক্ষতও পাওয়া যায়নি।

বোর্নিও পিগমি হাতিরা আকারে হাতিদের সবচেয়ে ছোট প্রজাতি। এদের মুখ বাচ্চা হাতিদের মতো, লেজ লম্বা ও দাঁত সোজা। বিশ্ব বন্যাপ্রাণী সংস্থার হিসাবমতে, ১৫শ’রও কম পিগমি হাতি এখন বন্যাবস্থায় বেঁচে আছে। এদের অধিকাংশেরই বাস মালয়েশিয়ার সাবা রাজ্যে।