সোমালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আত্মঘাতী হামলা
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে একজন নিহত হয়েছে।
তবে একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় প্রায় ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
হামলার সময় দেশটির প্রধানমন্ত্রী আবদি ফারাহ শিরডন তার কার্যালয়েই ছিলেন। তবে তিনি অক্ষত আছেন।
২০১২ সালের অক্টোবরে শিরডন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাগ্রহণের পর এটাই এ ধরনের প্রথম হামলা।
২০১২ সালের সেপ্টেম্বরে শেখ মোহামুদ ৪২ বছরের মধ্যে দেশটিতে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর সাবেক ব্যবসায়ী শিরডনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন।
নতুন সরকার ২০ বছরের সংঘাতবিক্ষুব্ধ দেশটির পুনর্গঠনে চেষ্টা চালাচ্ছে।
আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি গোষ্ঠী আল শাবাবই এখন সোমালি সরকারের জন্যে প্রধান চ্যালেঞ্জ। এখনো দেশটির প্রত্যন্ত বৃহৎ অঞ্চল ওই জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
