২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসামান্য ভূমিকা রেখেছেন হিলারি: ওবামা

বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হিলারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ‘অসামান্য ভূমিকা’ রেখেছেন বলে মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 07:48 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সিবিএস চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এই মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে।

ওবামা ও হিলারি প্রথমবারের মতো কোথাও একসঙ্গে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন।

সাক্ষাৎকারে ওবামা হিলারির শৃঙ্খলাবোধ, শক্তি, তার বিবেচনা ও কোনো বিষয়কে বাস্তবায়নের সামর্থে্যর ভূয়সী প্রশংসা করেন।

তবে পাশাপাশি বসেও ওবামা এবং হিলারি দুজনেই ২০১৬ সালে হিলারি প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে টপকে ওবামা ডেমক্রেট দলীয় মনোনয়ন অর্জন করেন।

পরবর্তী সময়ে নির্বাচনে জয়ী হওয়ার পর হিলারিকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেন ওবামা। যদিও প্রথমদিনে এই পদ নিতে আগ্রহী ছিলেন না হিলারি।
কিন্তু তারপরও ওবামার মন্ত্রিসভায় চারবছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দাযিত্ব পালন করেন হিলারি।

আগামী কয়েকদিনের মধ্যেই হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন বলে ধারনা করা হচ্ছে। হিলারির পর সিনেটর জন কেরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

সিবিএস চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওবামা আরো বলেন, “হিলারি এ যাবৎ আমাদের সবচেয়ে নিখুঁত পররাষ্ট্রমন্ত্রীদের একজন হিসেবেই বিদায় নিচ্ছেন।”
“আমি তার অভাব অনুভব করবো নিশ্চিতভাবেই,” বলেন ওবামা।

তবে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এ বিষয়টি নিয়েই এই সাক্ষাৎকারের শুরু থেকেই প্রবল আগ্রহ ছিল সবার।
সাক্ষাৎকারে ওবামা কিংবা হিলারি কেউই এ বিষয়টি নিশ্চিত করেননি আবার প্রত্যাখ্যানও করেননি। ফলে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এ প্রসঙ্গে হিলারি বলেন, “আমি কিংবা সে (ওবামা) আমরা জানি না আগামীকাল কিংবা আগামী বছর কি ঘটবে।”

ওবামাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, ওবামা ঠাট্টা করে বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে মাত্র ৪দিন আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছি আর তোমরা কিনা চারবছর পরের নির্বাচন নিয়ে কথা বলছো।”