২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মৃত্যুদণ্ডের রায়ে সংঘর্ষ, নিহত ৩২

গত বছর ফুটবল স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় ২১ জনকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিক্রিয়ায় শনিবার মিশরে প্রতিবাদরত সহিংস বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jan 2013, 04:13 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রায় ঘোষণার পরপর ভূ-মধ্যসাগরের উপকূলবর্তী শহর পোর্ট সৈয়দে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। স্টেডিয়ামে সংঘর্ষে হতাহতের ঘটনায় পোর্ট সায়েদের লোকদের ‘অন্যায়ভাবে’ দায়ী করা হয়েছে বলে অভিযোগ করে তারা ।
এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়, হামলা করা হয় দুটি থানায়।
বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় স্টেডিয়ামে হতাহতের ঘটনায় গ্রেপ্তারদের যে কারাগারে রাখা হয়েছে তার কাছে গুলির শব্দ শোনা যায়।
এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত দুই জন পুলিশ সদস্য রয়েছেন। এদের অধিকাংশই গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সংঘর্ষে ৩শ’ ১২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আহতদের সামরিক হাসপাতালে সরিয়ে নিতে একটি সামরিক বিমানের ব্যবস্থা করেছে বলে তিনি জানিয়েছেন।
নিহতদের মধ্যে আল মাশরি ক্লাবের এক সাবেক ফুটবলার ও পোর্ট সৈয়দের অপর একটি ক্লাবের আরেক ফুটবলার রয়েছেন বলে মিশরের রাষ্ট্রিয় গণমাধ্যমে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোর্ট সায়েদে দুটি থানায় হামলা করেছে বিক্ষুব্ধরা। সেখানে সড়কে টায়ারা জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সাঁজোয়া যান ও সামরিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
গত বছর ১ ফেব্রুয়ারি পোর্ট সৈয়দের একটি ফুটবল স্টেডিয়ামে কায়রোর আল আহলি ও পোর্ট সৈয়দের আল মাশরি ক্লাবের সমর্থকদের সংঘর্ষে ৭৪ জন নিহত হন।
খেলা শেষে আল মাশরি ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামের দখল নিয়ে মারামারি শুরু করলে আতঙ্কিত দর্শকরা হুড়োহুড়ি করে স্টেডিয়াম ছেড়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। আবার অনেককে স্টেডিয়ামের গ্যালারি থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়।
নিহতদের অধিকাংশই ছিলেন আল আহলি ক্লাবের সমর্থক।
শনিবার এ রায় ঘোষণার পর ক্লাবের সামনে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করে কায়রোর আল আহলি ক্লাবের সমর্থকরা।
মৃত্যুদণ্ডের এ রায় মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের কাছে পর্যালোচনার জন্য পাঠিয়েছে আদালত। মিশরে মৃত্যুদেণ্ডর রায় এ প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত হয়।
সংঘর্ষের এ ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। বাকি অভিযুক্তদের বিষয়ে আগামী ৯ মার্চ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।
দুই বছর আগে সাবেক একনায়ক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর পোর্ট সৈয়দের এই সহিংসতা অন্যতম প্রাণঘাতী ঘটনা। মাত্র একদিন আগে শুক্রবার ছিল মুবরাক বিরোধী আন্দোলন শুরু হওয়ার দ্বিতীয় বর্ষপূতি।
দিবসটি উপলক্ষে মিশরজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ-সহিংসতায় ৯ জন নিহত হয়েছিল। এতে গত দুইদিনের মিশরজুড়ে নিহতের সংখ্যা ৪১ জনে এসে দাঁড়ালো।