তালেবান জঙ্গিদের হত্যার দাবি প্রিন্স হ্যারির
যুক্তরাজ্যের রাজপরিবারের সন্তান প্রিন্স হ্যারি সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলট হিসেবে আফগানিস্তানে কর্মরত অবস্থায় তালেবান জঙ্গিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন আর তাতে অনেকেই নিহত হয়েছেন।
সোমবার হ্যারি আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর আফগানিস্তানে থাকাকালীন গ্রহণ করা তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি।
আফগানিস্তান ছাড়ার পর প্রকাশ করা যাবে এই শর্তে সংবাদমাধ্যমগুলোকে তার সাক্ষাৎকার গ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।
ওই সাক্ষাৎকারে তালেবান জঙ্গিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করার কথা জানিয়েছেন হ্যারি, আর এতে অনেকেই নিহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।
যুক্তরাজ্য সেনাবাহিনীর সদস্য হিসেবে পাঁচমাস আফগানিস্তানে নিয়োজিত ছিলেন যুক্তরাজ্যের এই যুবরাজ। সেখানে অ্যাপাচি হেলিকপ্টারের সহপাইলট হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি।
দায়িত্বপালনকালে তিনি কাউকে হত্যা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে হ্যাঁ সূচক জবাব দেন হ্যারি।
তিনি বলেন, “হ্যাঁ, অনেকেরই এ অভিজ্ঞতা হয়েছে। আমাদের স্কোয়াড্রন যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। প্রত্যেকেই উল্লেখযোগ্য সংখ্যক গুলি ছুঁড়েছে।”
“আমাদের দলের কারো সঙ্গে সেখানকার কেউ বিপজ্জনক কিছু করার চেষ্টা করলে আমরা তার খেল খতম করে দিয়েছি,” বলেন তিনি।
“আমরা তখনই গুলি করেছি যখন বাধ্য হয়েছি, একটা জীবন বাঁচাতে আরেকটা জীবন নিতে হয়েছে, তবে আমরা সবসময়ই এটি এড়াতে চেয়েছি।”
অভিযানে আহত সেনাদের উদ্ধার করাই তার প্রধান কাজ ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, “সেখানে আমাদের কাজ ছিল পদাতিক সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাই এর মানে যদি এই হয়, তাদের দিকে কেউ গুলি ছুঁড়ছে আর সেই গুলিবর্ষণকারীকে গুলি করতে হবে, তাহলে আমরা তাই করেছি।”
ফকল্যান্ড যুদ্ধে হ্যারির চাচা প্রিন্স অ্যান্ড্রুর অংশগ্রহণের পর সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা যুক্তরাজ্যের রাজপরিবারে হ্যারিই প্রথম ব্যক্তি।
