২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ধর্ষণ: দ্রুত বিচার আদালতে শুনানি শুরু

ভারতে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ আসামির বিচার সোমাবার নয়াদিল্লির দ্রুত বিচার আদালতে শুরু হয় এবং এর কিছুক্ষণ পরই তা মুলতবি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

. ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 12:23 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বিচারে দোষী প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া মামলার ১৭ বছর বয়সী অন্য এক আসামির বিচার হবে কিশোর আদালতে।

ধর্ষণের ওই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া পড়েছে এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতে।

সোমবার আসামীপক্ষের আইনজীবীরা বিচারকাজ গণমাধ্যমে প্রচার করার পক্ষে যুক্তি দেয়ায় বিচার শুরু করতে এক ঘণ্টার বেশি দেরী হয়েছে। বিচারকরা আইনজীবীদের অনুরোধ উপেক্ষা করে আসামিদের রুদ্ধদ্বার বিচার করার পক্ষেই মত দেন।

অভিযোগপত্র পাওয়ার কিছুক্ষণ পরই আদালতের বিচারকরা বিচারকাজ ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন।

ওদিকে, আসামিপক্ষের এক আইনজীবী বিচার কাজ দিল্লি থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তরের চেষ্টা করছেন।

রাজধানীতে গণমাধ্যম অতিরিক্ত সক্রিয় থাকায় বিচারকাজ বাধাগ্রস্ত হতে পারে বলে মত দিয়েছেন আসামি রাম সিংয়ের আইনজীবী ভিকে আনন্দ।

তিনি বলেছেন, “আমরা নিশ্চিত দিল্লিতে আমরা ন্যায় বিচার পাব না।”

রয়টার্সের খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট মঙ্গলবার ৫ আসামির একজনের বিচার দিল্লি থেকে অন্যত্র স্থানান্তরের আবেদন শুনবে।

রাজধানীর পরিস্থিতি সুষ্ঠু বিচার নিশ্চিত করার অনুকূল না এ দৃষ্টিকোণ থেকেই আবেদনের শুনানি করবে আদালত।

মামলার অন্য আসামিরা হচ্ছেন সিংয়ের ভাই মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর।

গত ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী প্যরামেডিক্যালের এক ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ ও তার ছেলেবন্ধুসহ তাকে মারধোরের পর বাস থেকে ফেলে পিষে মারার চেষ্টা করা হয়।

ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের এক হাসপাতালে ওই তরুণী মারা যায়।

এ ঘটনায় ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিলে সরকার এই ঘটনাসহ ধর্ষণ মামলাগুলোর বিচার দ্রুত বিচার আদালতে পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া, পুলিশ অনেক সময়ই আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেত ব্যর্থ হয় অভিযোগ তুলে পুলিশ প্রশাসন সংস্কারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

তাদের এ দাবিটিও বিবেচনায় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত সরকার।