২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় জিম্মি ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে

আলজেরিয়ায় বেশকিছু জিম্মিসহ একটি গ্যাসক্ষেত্রের প্রক্রিয়াকরণ এলাকা দখল করে রাখা জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালায় আলজেরীয় সেনাদের বিশেষ বাহিনী।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jan 2013, 09:55 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

এই অভিযানে অন্ততপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।


এরমধ্যদিয়ে চারদিনে ধরে চলা বিশ্বের অন্যতম বড় জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান হয়।


নিহতদের মধ্যে অন্ততপক্ষে ৯ জন জাপানের নাগরিক রয়েছেন। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।


আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদেলমালেক সিলাল সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে হতাহতের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করবেন জানা গেছে।


গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই জিম্মি করার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, নরওয়ে এবং রোমানিয়ার নাগরিকও নিহত অথবা নিখোঁজ হয়েছেন।


আলজেরীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা রোববার জানিয়েছিলেন, মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৮০ জন হবে।


তিনি দাবি করেন, ছয় জঙ্গিকে জীবিত আটক করা হয়েছে। সেনাবাহিনী অপর সদস্যদেরও আটক করার লক্ষ্যে এখনো তৎপরতা চালাচ্ছে।


এরআগে আলজেরীয় কর্তৃপক্ষ শনিবার প্রাথমিকভাবে জানিয়েছিল অভিযানে ৫৫ জন নিহত হয়েছে। এরমধ্যে ২৩ জন জিম্মি ও ৩২ জন জিম্মিকারী জঙ্গি। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে তারা তখনই আভাস দিয়েছিলেন।


আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় আরো জানায়, তিনদিনের অভিযানে ১শ’ ৭ জন বিদেশি ও ৬শ’ ৮৫ জন আলজেরীয় জিম্মিকে উদ্ধার করা হয়েছে।


আলজেরিয়ার প্রতিবেশী দেশ মালিতে জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে বুধবার ভোরে এই গ্যাসক্ষেত্রটি দখল করে বিদেশীসহ প্রায় সাড়ে ৮শ’ মানুষকে জিম্মি করেছিল আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা।


এই জিম্মিদের প্রাণের বিনিময়ে মালি থেকে ফরাসি বাহিনী প্রত্যাহারের দাবী জানিয়েছিল তারা। কিন্তু জঙ্গিরা গ্যাসক্ষেত্রটি থেকে জিম্মিদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আলজেরীয় সরকার।


বৃহস্পতিবার আলজেরিয়ার ইন আমেনাসের কাছে সাহার মরুভূমির এই গ্যাসেক্ষেত্রটিতে জিম্মি উদ্ধারে অভিযান শুরু করে আলজেরীয় সেনাদের একটি বিশেষ বাহিনী।


অভিযান শুরুর পরপরই কয়েকশত জিম্মিকে মুক্ত করে তারা, কিন্তু এসময় অনেকে নিহতও হন।


যুক্তরাজ্যের ব্রিটিশ পেট্রলিয়াম ও নরওয়ের স্ট্রাটোঅয়েল, আলজেরিয়ার রাষ্ট্রিয় তেল কোম্পানির সঙ্গে যৌথভাবে এই গ্যাসক্ষেত্রটি পরিচালনা করতো।