জনসম্মুখে ওবামার দ্বিতীয় মেয়াদের অভিষেক
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে সোমবার উন্মুক্ত মঞ্চে শপথ গ্রহণ করেছেন বারাক ওবামা।
সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলের সিঁড়িতে উন্মুক্ত এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবারের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত হয় ৭ লাখ মানুষ। নিরাপত্তার কঠোর বলয়ের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জিমি কার্টারসহ বহু সিনেটর, কংগ্রেস নেতা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
সবার সামনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ওবামা। শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস।
উদ্বোধনী ভাষণে দেশে আগামী ৪ বছরের জন্য ওবামা তার কর্মপরিকল্পনা তুলে ধরেন, জাতীয় ঐক্যের ডাক দেন এবং যথাসাধ্য সংবিধান সমুন্নত রেখে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
এর আগে রোববার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিক শপথ নিয়েছিলেন ওবামা। হোয়াইট হাউসের বল বুমে এক সংক্ষিপ্ত ও প্রায় পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানিক শপথ নেন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ২০ জানুয়ারি দুপুরের মধ্যে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার নিয়ম রক্ষার জন্যই রোববার আনুষ্ঠানিক শপথ নেন ওবামা। তবে অভিষেক উপলক্ষে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি সোমবারেই করার সিদ্ধান্ত হয়।
রোববার ছুটির দিন হওয়ায় একবার দপ্তরিকভাবে এবং আরেকবার প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলেন তিনি।
সোমবারের এ অনুষ্ঠানে শিল্পী বিয়ন্সি নোলস এর গান পরিবেশন ছাড়াও প্যারেড এবং ব্ল্যাক-টাই বল নাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রথামাফিক আইনপ্রণেতাদের সঙ্গে ওবামার ভোজন এবং তারপর ঐতিহ্য অনুযায়ী উপস্থিত জনতার মধ্য দিয়ে হেঁটে হোয়াইট হাউসে প্রবেশ করার কথা ওবামা দম্পতির।
