ইরাকে বিভিন্ন হামলায় ৩৭ জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদ ও দেশটির উত্তরাঞ্চলে আত্মঘাতীবোমা হামলাসহ অন্যান্য বিস্ফোরণে ৩৭ জন নিহত হয়েছে।
বুধবার দেশটিতে এই ঘটনা ঘটে।
কিরকুকে কুর্দিস্তান ডেমক্রেটিক পার্টির স্থানীয় দপ্তরের কাছে একটি আত্মঘাতী ট্রাকবোমা হামলা চালানো হলে ডজনেরও বেশি মানুষ নিহত হয়। স্থানীয় দোকানিরা ও পুলিশ ওই বিস্ফোরণে আহতদের ধ্বংসস্তূপ থেকে বের হতে সহায়তা করে।
দেশটির শিয়া প্রধানমন্ত্রী নূরি আল মালিকি স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের বিতর্কিত তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ইতোমধ্যেই কুর্দিদের চাপের মুখে রয়েছেন।
অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় প্রদেশে মালিকির পদত্যাগের দাবি জোড়ালো হয়ে উঠছে।
কিরকুরে ব্রিগেডিয়ার সারাত কাদির রয়টার্সকে বলেন, “এক আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরকবোঝাই ট্রাক চালিয়ে কুর্দিস্তান ডেমক্রেটিক পার্টির কার্যালয়ের সামনে এসে বিস্ফোরণ ঘটায়। এটি একটি জনাকীর্ণ এলাকা। ডজনেরও বেশি মানুষ নিহত ও অনেকে আহত হয়েছেন।”
কিরকুকের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং পুলিশ জানিয়েছে, অন্ততপক্ষে ২৫ জন নিহত ও ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
পাশাপাশি, তুজ খুরমাতোয় অপর এক বোমা হামলায় অন্ততপক্ষে পাঁচজন নিহত ও ৩৭ জনেরও বেশি আহত হয়েছে। এলাকাটি বাগদাদের ১০৫ মাইল উত্তরে অবস্থিত।
এদিকে, রাস্তার পাশে পেতে রাখা বোমা ও গুলিতে বাগদাদ এবং বাইজিতে ৭ পুলিশ ও সেনা নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরাক ছেড়ে চলে যাওয়ার পর দেশটিতে শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে ক্ষমতার অংশিদারিত্ব নিয়ে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। এরই জের ধরে প্রায়ই নানা সহিংসতার ঘটনা ঘটছে বলে বিশ্লেষকদের ধারণা।
