২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান গোয়েন্দা দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ২

কাবুলের গোয়েন্দা দপ্তরে বুধবার আত্মঘাতী বোমা হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

আফগানিস্তানের রাজধানীতে কঠোর নিরপত্তা বেষ্টনীর ভেতরে জাতীয় নিরাপত্তা দপ্তরের প্রবেশ ফটকের কাছে দুপুরে এ হামলা চালানো হয়।

একযোগে চালানো এ হামলায় ছয় আত্মঘাতী হামলাকারী অংশ নেয়।

কাবুলের পুলিশ প্রধানের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম হামলাকারী প্রবেশ ফটকের কাছে একটি বড় গাড়ি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে হামলা শুরু করে।

শরীরে বোমা বাঁধা অপর পাঁচ আত্মঘাতী বোমারুর দলটি একটি ছোট ভ্যানগাড়ি নিয়ে নিরাপত্তা দপ্তরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা তাদের গুলি করে হত্যা করে।

কাবুলের নগরকেন্দ্রের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে বোমারুরা এ অভিযান পরিচালনা করে। এ এলাকাতেই পশ্চিমা দূতাবাসগুলি অবস্থিত। কয়েকজন আফগান মন্ত্রীদের বাসভবনও এখানেই।

এদিকে, গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তালেবান এ হামলা সংঘটিত হওয়ার খবর জানালেও তারা এর দায় স্বীকার করেনি।

গত মাসে একটি সম্মিলিত হামলায় দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আসাদুল্লাহ খালিদ অল্পের জন্য বেঁচে যান। ওই হামলায় আফগান সরকার ও তালেবানের ভঙ্গুর শান্তি আলোচনা নতুন করে হুমকির মুখে পড়েছে।

গত বছর থেকে সারা দেশে তালেবানের হামলা বেড়েই চলছে। এতে দেশটি থেকে ন্যাটো নেতৃত্বাধীন বিদেশী সেনা পুরোপুরি প্রত্যাহার হয়ে গেলে সাড়ে তিন লাখ সদস্যের আফগান নিরাপত্তা বাহিনী দেশটির নিরাপত্তার দায়িত্ব পালনে কতোটা সফল হবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।