মালি সংঘর্ষ: যোগ দিচ্ছে আফ্রিকান সেনারা
মালিতে ইসলামপন্থী ব্রিদ্রোহীদের দমনে ফরাসি সামরিক অভিযানে যোগ দেবে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সেনারা এবং দেশটিতে সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
দেশটিতে ইসলামপন্থী ব্রিদ্রোহীরা যেন রাজধানী বামাকোর দিকে এগুতে না পারে এজন্য শুক্রবার থেকে ফ্রান্স দেশটিতে সামরিক অভিযান শুরু করেছে।
তাদের সহায়তা করতে কয়েকদিনের মধ্যে দেশটিতে আফ্রিকার সেনারা পৌঁছাবে বলে মঙ্গলবার জানিয়েছে নাইজেরিয়া।
অন্যদিকে মালিতে এখন ৭৫০ জন ফরাসি সেনা মোতায়েন রযেছে। এ সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৫০০ জনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ।
গত ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, মালিতে ৩ হাজার ৩০০ সেনা পাঠাবে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সেনারা।
এর মধ্যে নাইজেরিয়া ৯০০ সেনা পাঠাবে, আগে ৬০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা।
নাইজেরিয়ার কর্নেল মোহাম্মদ যেরিমা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে মালিতে তাদের সেনা মোতায়েন করা করা হবে। এ ব্যাপারে প্রেসিডেন্ট অনুমোদন দিয়েছেন।
মালিতে নাইজেরিয়া ছাড়াও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বেনিন, ঘানা, নাইজার, সেনেগাল, বারকিনা ফাসো ও টোগো।
