২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালির বিদ্রোহীদের লক্ষ্য করে ফ্রান্সের বোমাবর্ষণ

মালি ও সোমালিয়ার ঘটনার জেরে জঙ্গি হামলার আশঙ্কায় ফ্রান্স জুড়ে “ভিজিপাইরেট” নামে পরিচিত সন্ত্রাস বিরোধী সতর্কাবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওলান্দ। এটি ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কাবস্থা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Jan 2013, 06:47 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

দ্বিতীয় দিনের মতো মালির ইসলামপন্থী জঙ্গিদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ফারাসি বিমানবাহিনী। আলকায়েদার সঙ্গে সম্পর্কিত এসব জঙ্গিদের রুখতে পশ্চিম আফ্রিকানদেশগুলোর সম্মিলিত বাহিনীও মালিতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে।

মালির উত্তরাঞ্চল দখল করে রাখা বিদ্রোহীরা বৃহস্পতিবার রাজধানীর পথে কৌশলগত গুরুত্বপূণ শহর কোন্না দখল করে নিলে শঙ্কিত ফ্রান্স মালির মালির সেনাবাহিনীর সহায়তার এগিয়ে যায়। মালির রাজধানী বামাকোর দিকে জঙ্গিদের অগ্রযাত্রা রুখতে শুক্রবার নাটকীয়ভাবে মালির বিদ্রোহী জঙ্গিদের ওপর আকাশ হামলা চালিয়ে দেশটির গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় শনিবারও জঙ্গি অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালায় ফরাসি বিমানগুলো।

মালির উত্তরাঞ্চলে বিদ্রোহী জঙ্গিদের শক্ত ঘাঁটি গাও এর এক বাসিন্দা জানিয়েছেন, শনিবার পিকআপ ট্রাকে করে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্রোহী যোদ্ধা উত্তরাঞ্চলের দিকে পশ্চাৎপসারণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি জানান, নিহত ও আহত লোকজনে স্থানীয় হাসপাতাল উপচে পড়েছে।

মালির উত্তরাঞ্চল দখল করে রাখা বিদ্রোহী জঙ্গিরা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে বলে আগেই সতর্কতা জারি করেছিল ফ্রান্স।

শুক্রবার ফরাসি জঙ্গি বিমান ও সময় হেলিকপ্টারগুলোর ছত্রছায়ায় মালির সেনাবাহিনী কোন্না পুনর্দখল করে।

অভিযানে ১শ’ বিদ্রোহী জঙ্গি নিহত হয়েছেন বলে বামাকো থেকে মালি সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

শুক্রবার জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি হামলা শুরু হওয়ার ঘন্টাখানেক পরে মালির মোপতি শহরের কাছে বিদ্রোহীদের এক সারির ওপর হামলা চালানোর সময় বিদ্রোহীদের পাল্টা গুলিতে এক ফরাসি হেলিকপ্টার পাইলট নিহত হয়েছেন।

কোন্না থেকে এক মুদিদোকানি জানিয়েছেন, শহরের রাস্তায় নিহত জঙ্গিদের স্তুপাকার মৃতদেহ পরে থাকতে দেখেছেন তিনি। পাশাপাশি কয়েক ডজন সামরিক পোষাক পরা সেনার মৃতদেহ পরে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন।

মালি সরকারের এক জ্যেষ্ঠ কর্মর্তা রাষ্ট্রিয় টেলিভিশনে কোন্নার লড়াইয়ে ১১ জন সেনাসদস্য নিহত ও ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন।

লড়াই চলাকালে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবী করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে যারা আত্মরক্ষার জন্য নদী পাড়ি দিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ওদিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমলিয়ার আল শাবাব জঙ্গিদের হাতে ২০০৯ সাল থেকে বন্দী ফরাসি গোয়েন্দা কর্মকর্তা দেনিস অ্যালেক্সকে উদ্ধারে শুক্রবার রাতে ফরাসি বাহিনী এক অভিযান চালিয়েছে।

অভিযানটি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তারা।

প্রতিরক্ষা মন্ত্রালয়ের ধারণা, অভিযানের সময় অন্তত এক ফরাসি কমান্ডোসহ বন্দী গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে জঙ্গিরা।

তবে অ্যালেক্সকে হত্যার কথা অস্বীকার করে আল শাবাব জানিয়েছে, অ্যালেক্স জীবিত আছেন এবং তাকে ফরাসি কমান্ডোদের অভিযানস্থল থেকে অনেক দূরের একটি জায়গায় বন্দী করে রাখা হয়েছে।

সোমালিয়ার বুলো মারের শহরে এ অভিযানটি চালানো হয় বলে জানা গেছে।

তবে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এই ঘটনায় “দুইজন ফরাসি কমান্ডো জীবন উৎসর্গ করেছেন ও সম্ভবত বন্দী গোয়েন্দা কর্মকর্তাকেও হত্যা করা হয়েছে” বলে জানিয়েছেন।

এর আগে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্য ইভেস ল দারিন বলেছেন, সোমালিয়ার ওই অভিযানে এক সেনা নিহত ও অপর একজন নিখোঁজ হয়েছেন।

এছাড়া “সব লক্ষণ বিবেচনায়” গোয়েন্দা কর্মকর্তা অ্যালেক্সকে হত্যা করা হয়েছে বলেই মনে করছেন বলে জানিয়েছেন।

তবে সোমালিয়ার ঘটনার সঙ্গে মালির ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।

মালি ও সোমালিয়ার ঘটনার জেরে জঙ্গি হামলার আশঙ্কায় ফ্রান্স জুড়ে “ভিজিপাইরেট” নামে পরিচিত সন্ত্রাস বিরোধী সতর্কাবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওলান্দ।

এটি ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কাবস্থা। এতে পরিবহন ব্যবস্থা, বিশেষভাবে রেলপথ এবং আকাশপথ ও জনসমাগমের স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে।

মালিতে বসবাসরত ৬ হাজার ফরাসি নাগরিককে দেশটি ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছে ফ্রান্স। মালির প্রতিবেশী সেনেগাল ও আইভিরি কোস্টে বসবাসকারী আরো কয়েক হাজার ফরাসি নাগরিকের নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নিয়েছে দেশটি।

এদের নিরাপত্তায় কয়েকশ’ ফরাসি সেনাকে মালিতে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

এদিকে মালিতে সেনা পাঠানোর জন্য ফ্রান্সের অনুরোধের জবাবে পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ‘ইকোওয়াস’ এর চেয়ারম্যান আইভরি কোস্টের প্রেসিডেন্ট অ্যালাসেন ওয়াত্তারা জানিয়েছেন, তারা শিগগিরই মালিতে ৩৩শ’ সেনা পাঠাচ্ছেন।

সোমবার থেকে এ সেনারা মালিতে পৌঁছতে শুরু করবে বলে জানিয়েছেন আইভরি কোস্টের এক মন্ত্রী।

পরিস্থিতি বিবেচনায় শুক্রবার মালিতে জরুরী অবস্থা জারি করেছেন দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট দিয়নকাউন্ডা ট্রাওরে। প্রাথমিকভাকে দশদিনের জন্য জরুরী অবস্থা কার্যকর থাকবে বলে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন।