গাজায় বাক-শ্রবণ প্রতিবন্ধীদের পরিচালনায় রেস্তোরাঁ
ফিলিস্তিনের গাজার কথা শুনলেই মনে ভাসে ইসরায়েলি বিমানের গুঞ্জন, বোমার শব্দ আর নিহত নারী-শিশুদের সারি সারি লাশ। কিন্তু এই গাজাতেই চমক জাগানো এক রেস্তোরাঁ খোলা হয়েছে যার ১৪ জন কর্মীর মধ্যে ১২ জনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
রেস্তোরাঁটির নাম রাখা হয়েছে আতফালুনা, আরবি এই শব্দটির অর্থ “আমাদের সন্তান”।
পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ বছরের বেশি বয়সী গাজাবাসীদের মধ্যে ১ দশমিক ৫ জন কোনো না কোনো শ্রবণ সমস্যায় ভুগছেন।
শতকরা ৩০ শতাংশ বেকার নিয়ে হিমশিম খেতে থাকা গাজায় এসব বধির লোকজনের অবস্থা আরো করুণ। ভাগ্যাহত এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দাতব্য সংস্থা আতফালুনা।
তাদের উদ্যোগে একই নামে প্রতিষ্ঠিত রেস্তোরাঁতে চাকরি মিলেছে ওই ১২ জন বাক-শ্রবণপ্রতিবন্ধীর। আর চাকরি পেয়েই তারা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
রেস্তোরাঁটি আশপাশের রেস্তোরাঁগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে। বধির বেয়ারাদের তৎপরতায় তাদের নিয়ে আশঙ্কিত ক্রেতাদের শঙ্কা কেটে গেছে।
রেস্তোরাঁয় আগত ক্রেতারা খাদ্য তালিকায় দেওয়া খাবারের নাম্বার অনুযায়ী অর্ডার দেন, আর ক্রেতাদের ঠোঁটের নড়াচড়া থেকে সঠিক জিনিসটি বুঝে নেওয়ার প্রশিক্ষণও এই রেস্তোরাঁর বেয়ারাদের আয়ত্তে। তাই কোনো সমস্যাও হচ্ছে না।
রেস্তোরাঁয় আগত এক ক্রেতা বিবিসি প্রতিনিধির কাছে স্বীকার করেন, তিনি বেয়ারাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন তাই নিয়ে অস্বস্তিতে ছিলেন, কিন্তু হোটেলে বসে অর্ডার দেওয়ার পর বেয়াদের প্রশিক্ষণের নমুনা দেখে বিস্মিত হয়েছেন।
তিনি জানান, অন্যান্য রেস্তোরাঁর সঙ্গে আতফালুনার কোনো পার্থক্য তিনি আর অনুভব করছেন না।
এই একটি রেস্তোরাঁ বধিরদের বিষয়ে গাজার প্রচলিত ধারণায় বিশাল ধাক্কা দিয়েছে।
