২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানযুদ্ধের ‘শেষ অধ্যায়’র আলোচনা চলছে: প্যানেট্টা

সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়ার জন্য প্রশিক্ষণ ও সহায়তা দিতে আফগানিস্তানে কমপক্ষে তিন থেকে নয় হাজার মার্কিন সেনা রেখে দেয়ার পরিকল্পনা করছে ওবামা প্রশাসন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Jan 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

আফগানিস্তানকে নিজস্ব নিরাপত্তা রক্ষায় সক্ষম এমন একটি সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শেষ পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটোবাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরে দেশটিতে থেকে যাওয়া মার্কিন সেনাদের ভূমিকা কি হবে সম্পর্কেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন লিওন প্যানেট্টা।

বৃহস্পতিবার হামিদ কারজাই পেন্টাগনে লিওন প্যানেট্টার সঙ্গে বৈঠকে অংশ নেন। কারজাই পেন্টাগনে পৌঁছানোর পর ২১বার বন্দুকের গুলি ছুঁড়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। তাকে গার্ড অব অনারও দেয়া হয়।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে তিনদিনের সফরে থাকা কারজাইয়ের।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা বলেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের অবস্থান বিষয়ে আলোচনায় ‘বেশ অগ্রগতি হয়েছে।’

তবে ঠিক কতজন মার্কিন সেনা আফগানিস্তানে থাকবে, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। রয়ে যাওয়া সেনারা সন্ত্রাসবিরোধী অভিযান ও প্রশিক্ষণে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

প্যানেট্টা আরো জানান, উভয়পক্ষই গত মে মাসে শিকাগোতে নেটো সম্মেলনে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। ওই সম্মেলনে নবগঠিত আফগান সেনাবাহিনীকে নেটোবাহিনীর প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেয়ার জন্য প্রশিক্ষণ ও সহায়তা দিতে আফগানিস্তানে কমপক্ষে তিন থেকে নয় হাজার মার্কিন সেনা রেখে দেয়ার পরিকল্পনা করছে ওবামা প্রশাসন। তবে ২০১৪ সালের মধ্যেই সব সেনাকে দেশে ফিরিয়ে নেয়ার সম্ভাবনাও এখনো রয়েছে বলে গত সপ্তাহে জানায় মার্কিন প্রশাসন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাদের কার্যক্রম নিয়ে কারজাই বেশ সমালোচনামুখর হলেও মার্কিন হেলিকপ্টার, চিকিৎসা সুবিধা ও গোয়েন্দা তৎপরতা ছাড়া আফগান সেনাবাহিনীর কার্যক্রম কীভাবে চলবে তা এখনো পরিষ্কার নয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা বলেন, আমাদের বেশ কঠিন অতীত পাড়ি দিতে হয়েছে। তবে শেষপর্যন্ত আমরা এর শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি বলে আমি মনে করি। আফগানিস্তান এখন নিজেই নিজের সার্বভৌমত্ব রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।

২০১৩ সালকে আফগান যুদ্ধের জন্য একটি স্মরণীয় বছর হিসেবে অভিহিত করে প্যানেট্টা বলেন, দেশের নিরাপত্তার দায়িত্ব এবছরই নিজেদের হাতে তুলে নিবে আফগানরা।