২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে পাকিস্তানের তৎপরতা ‘উস্কানিমূলক’: ভারত

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jan 2013, 08:28 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

পাক-ভারত সীমান্তে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) কাছে পাকিস্তানের তৎপরতাকে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেছে ভারত।

দিল্লিতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত নিয়ন্ত্রণ রেখার কাছে মঙ্গলবার ২ সেনা হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ বলেছেন, কড়া নিরাপত্তাধীন সীমান্তে ১০ বছরের পুরোনো যুদ্ধবিরতির লঙ্ঘন অন্তত উদ্বেগের বিষয়।

এনডিটিভিকে তিনি বলেন, ‘এ হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না, এ ঘটনা ভয়ংকর ও জঘন্য। পাকিস্তান চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। ভারতের পক্ষ থেকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।’

ওদিকে, পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনা হত্যাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে এন্টনি। তিনি পাকিস্তানি সেনাদের কর্মকান্ডকে অত্যন্ত আপত্তিকর এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেন।

“পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এর একটা হেস্তনেস্ত করা হবে”, বলেন তিনি।

বুধবার সাংবাদিকদেরি এন্টনি বলেন, ‘ভারতের একজন সেনার মৃতদেহকে তারা যেভাবে ক্ষতবিক্ষত করেছে তা অমানবিক। পাকিস্তান সরকারের কাছে এর প্রতিবাদ জানাব আমরা।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে দু’দেশের মধ্যে সম্পর্কন্নোয়নের প্রানান্তকর প্রচেষ্টা ধুলিস্যাৎ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সালমান খুরশীদ।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যা ঘটেছে তা থেকে পরিস্থিতি আর খারাপের দিকে না যাওয়াটাই দু’দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।এ ধরনের ঘটনা আমাদের আর ঘটতে দেয়া উচিত না।”

পাকিস্তানের তৎপরতা শান্তি আলোচনা বিপথগামী করারই সুষ্পষ্ট প্রচেষ্টা এবং তা হতে না দেয়ার জন্য পথ খুঁজে পাওয়া আবশ্যক বলে মন্তব্য করে খুরশীদ।

তিনি বলেন, “আমাদের কিছু করা উচিত এবং আমরা তা করব। কিন্তু প্রতিরক্ষামন্ত্রণালয়ের সঙ্গে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর খুব সতর্কভাবেই তা করা হবে।”

মঙ্গলবার পাক-ভারত সীমান্তে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) কাছে পাকিস্তানি সেনাদের সঙ্গে আধঘন্টার বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হওয়াসহ এক সেনা আহত হয়েছে বলে অভিযোগ করে ভারত।

পরে সামরিক এক কর্মকর্তা ভারতের ‘টাইমস নাও নিউজ’ চ্যানেলকে বলেন, নিহত একসেনার `ক্ষতবিক্ষত’ দেহ জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া গেছে।

মঙ্গলবার ভারতীয় সেনা কর্মকর্তা রাজেস কে. কালিয়া জানান, পাকিস্তানি সেনারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে সীমান্ত ফাঁড়ির দিকে এগুচ্ছিল। তাদের এ তৎপরতা ধরা পড়ে গেলে দুপক্ষে প্রায় আধঘন্টা গুলি বিনিময়ের পর পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা থেকে পিছু হটে।

এর আগে এক খবরে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, জম্মু থেকে ২২০ কিলোমিটার উত্তরে মেন্ধার এলাকার কাছাকাছি সেনারা নিয়মিত টহল দেয়ার সময় সীমানার আধা কিলোমিটার ভেতরে পাক সেনাদের সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে। এসময় সেনারা তাদের আত্মসমর্পণ করতে বললে তারা উল্টো গুলি শুরু করে।

নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনা অনুপ্রবেশের এ ঘটনাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেন রাজেস কে কালিয়া।তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

পরমাণু শক্তিধর দেশ দুটির সীমান্তে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান তাদের এক সেনা নিহত হওয়ার কথা জানানোর দু’দিন পর ওই অঞ্চলে ফের গুলিবিনিময়ের ঘটনা ঘটে মঙ্গলবার।

নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায়ই গুলি বিনিময় ও বিচ্ছিন্ন লড়াই হয়ে থাকে। তবে এসব সংঘাতে তেমন কোন হতাহতের ঘটনা ঘটে না।

২০১২ সালে ৭৫টি সংঘর্ষের ঘটনায় ৭ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী।

উভয় দেশই কাশ্মীরকে তাদের সীমান্তের অংশ বলে দাবি করে আসছে এবং এ নিয়ে ৬০ বছর ধরে পাক-ভারত বিরোধ চলছে। তবে সম্প্রতি দেশ দুটির সম্পর্কে কিছুটা উন্নতি হচ্ছে।

২০০৩ সাল থেকে কাশ্মীরে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে।