২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফের ড্রোন হামলা, নিহত ৮

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন)হামলায় ৮ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে আরো ৩ জন। 

মঙ্গলবার উত্তর ওয়ারজিরিস্তানের হায়দারখেল গ্রামে এ হামলা চালানো হয়েছে বলে পাকিস্তান গোয়েন্দা সংস্থার তিনটি সূত্র জানিয়েছে।

আফগান সীমান্ত এলাকার এ গ্রামটি তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত। গত বছর এই গ্রামের কাছাকাছি এলাকায় আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল লিব্বি ড্রোন হামলায় নিহত হয়েছিলেন।

এ হামলার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল ড্রোন হামালার বিষয়ে সতর্ক করে বলেছেন, ড্রোন যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করলেও বিশ্বব্যাপী ঘৃণা কুড়িয়েছে, এর অতিরিক্ত ব্যবহার যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

তারপরও পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে চালানো ধারাবাহিক ড্রোন হামলা মঙ্গলবারও অব্যাহত থাকলো।

হামলায় নিহতদের মধ্যে আল কায়েদার এক বিদেশি প্রশিক্ষকও আছেন বলে প্রকাশিত খবরে জানা গেছে। গোয়েন্দা কর্মকর্তারা তাকে সোমালি বলে চিহ্নিত করলেও অন্যান্য প্রতিবেদনে তাকে আরব আমিরাতের নাগরিক বলে জানানো হয়েছে।

গত কয়েকদিনে পাকিস্তানের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ড্রোন হামলার কারনে পাকিস্তান জুড়ে বিতরর্ক হয়েছে। কেউ কেউ ড্রোন হামলাকে সমর্থন করলেও অধিকাংশই ড্রোন হামলাকে পাকিস্তানের সাবভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে এর সমালোচনা করছে।

গত সপ্তাহে ড্রোন হামলায় সহকারী ও অন্যান্য শীর্ষ কামন্ডারসহ পাকিস্তান তালেবানের অন্যতম শীর্ষ নেতা মোল্লা নাজির নিহত হন। এছাড়া রোববার আরো একটি হামলায় অন্তত ১২ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৮ ঘ.