‘খাদ’ এড়ানো বিলে কংগ্রেসের অনুমোদন
এ আইনানুয়ায়ী ধনীদের ওপর কর কিছুটা বাড়বে।আর মধ্যবিত্তদের ওপর জারি থাকবে করের কম হারের পুরোনো ব্যবস্থাই
গভীর আর্থিক সঙ্কটে পড়ে যাওয়া থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করতে বাজেট নিয়ে ডেমক্রেট ও রিপাবলিকানদের করা সমঝোতা চুক্তিটি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ানুযায়ী নতুন বছরের প্রথমদিন মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বুধবার) প্রতিনিধি পরিষদের অধিবেশনে বিলটি অনুমোদিত হয়।
রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২৫৭-১৬৭ ভোটে বিলটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে সোমবার মধ্যরাতে সিনেটেও ৮৯-৮ ভোটে বিলটি পাস হয়।
প্রেসিডেন্ট বারাক ওবামা শিগগিরই বিলটিতে সই করবেন বলে জানা গেছে। প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে।
এ আইনানুয়ায়ী, ধনীদের ওপর কর কিছুটা বাড়বে।আর মধ্যবিত্তদের ওপর জারি থাকবে করের কম হারের পুরোনো ব্যবস্থাই।
এর মাধ্যমে প্রেসিডেন্ট বারাক ওবামার ধনীদের ওপর কর বাড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তব রূপ পেল।
সোমবার হোয়াইট হাউসে দীর্ঘ আলোচনার পর নতুন বছর শুরুর একেবারে অন্তিম মুহূর্তে ধনীদের ওপর কর বাড়ানোর এ আইনের ব্যাপারে সমঝোতায় পৌঁছেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটের রিপাবলিকান সদস্যরা।
তবে বাজেটের ব্যয় কাটছাঁটের বিষয়টিতে আরো বড় ধরনের সমঝোতায় পৌঁছানোর সুযোগ করে দিতে তা দুই মাস পিছিয়ে দেয়া হয়েছে।
‘অর্থনৈতিক খাদ’ এড়াতে কংগ্রেস সময়সীমা পেরোনোর পর সমঝোতা চুক্তি অনুমোদন করলেও মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিন হওয়ায় তা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের কর রেয়াত আইনের মেয়াদ শেষ হয়ে গেছে সোমবার মধ্যরাতেই। বিলটি প্রতিনিধি পরিষদের অনুমোদন না পেলে স্বয়ংক্রিয়ভাবেই সব মার্কিন নাগরিকের ওপর চাপতো বিশাল করের বোঝা।
পাশাপাশি ব্যয় কমানোর জন্য বাজেট হ্রাসের সিদ্ধান্ত কার্যকর হতো, আর তাতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক খাতগুলোতে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হতো।
একেই বলা হচ্ছে ‘ফিসক্যাল ক্লিফ’ বা ‘অর্থনৈতিক খাদ’ যা এড়াতে চাইছিল ওবামা সরকার।কংগ্রেসে বিলটি পাস হওয়ায় সে আশঙ্কা আর নেই।
