চীনে দ্রুতগতির ট্রেনের দীর্ঘতম পথ চালু
রাজধানী বেইজিং থেকে দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র গুয়াংঝৌ পর্যন্ত বুধবার দ্রুতগতির ট্রেনের ২ হাজার ২৯৮ কিলোমিটার দীর্ঘ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে চীন।
রাজধানী বেইজিং থেকে দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র গুয়াংঝৌ পর্যন্ত বুধবার দ্রুতগতির ট্রেনের ২ হাজার ২৯৮ কিলোমিটার দীর্ঘ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে চীন।
২৬ ডিসেম্বর চীনের প্রয়াত নেতা মাও সে-তুংয়ের জন্মদিন উপলক্ষ্যে দ্রুত গতির ট্রেন চলার উপযোগী রেলপথটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ রেলপথে চলা ট্রেন দিয়ে যাত্রীরা আগের ২২ ঘন্টার স্থলে ১০ ঘন্টারও কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারবে। এ পথ দিয়ে চলা ট্রেনগুলো ৩৫টি স্টেশনে থামবে বলে জানিয়েছে বিবিসি।
উদ্বোধনের দিন সকালে প্রাথমকিভাবে দ্রুতগতির ট্রেনটি বেইজিং থেকে ছেড়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। চীনের একজন কর্মকর্তা জানিয়েছেন “প্রযুক্তির দিক দিয়ে এটি বিশ্বের উন্নত রেলপথগুলোর একটি।”
চীন কর্তৃপক্ষ তাদের বিশাল দেশজুড়ে প্রতিনিয়ত দ্রুত গতির ট্রেন চালু করছে। তবে এসব ট্রেনের কারণে ঘটা দুর্ঘটনা ও এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় পদক্ষেপটি সমালোচিত হয়েছে।
