২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে গণধর্ষণ: চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেল মেয়েটি

নয়া দিল্লিতে বাসের মধ্যে গণধর্ষণের শিকার তরুণীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

নয়া দিল্লিতে বাসের মধ্যে গণধর্ষণের শিকার তরুণীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্ত্র প্রতিস্থাপনের লক্ষ্যে বুধবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় বলে এনডিটিভি জানিয়েছে।

চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়ার পর গত ১০ দিন ধরে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এঘটনার প্রতিবাদে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ নিহত এবং একশ’র বেশি মানুষ আহত হয়েছে। পার্লামেন্টেও এ নিয়ে চলছে তুমুল বিতর্ক।

আনন্দবাজার পত্রিকা জানায়, এই তরুণীর উন্নত চিকিৎসার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ নিজে উদ্যোগ নিয়ে তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করেছেন।সঙ্গে নেয়া হয়েছে তার বাবা-মা ও কয়েকজন চিকিৎসককে।

বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেন, ওই তরুণীর সঙ্কট এখনও কাটেনি।

বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সকাল থেকে তার শরীরে সেপসিসের সংক্রমণ সামলাতে হিমশিম খান চিকিৎসকরা।এরপরই তাকে সিঙ্গাপুরে নেয়ার কথা ভাবা হয়।

যাত্রাপথে চিকিৎসায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটরের ব্যবস্থা ও এক জন ভেন্টিলেশন বিশেষজ্ঞ রেখে তাকে বিমানবন্দরে নেয়া হয়।

বিমানবন্দর থেকে রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি।তাতে রাখা হয় আইসিইউ সুবিধা। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ছিলেন তার সঙ্গে।

গত ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে চলন্ত বাসে ছয় দুর্বৃত্তের ধর্ষণের শিকার হন ওই কলেজছাত্রী। এ ঘটনায় জড়িত অভিযোগে বাস চালকসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।