নিউ ইয়র্কে আগুনের ‘ফাঁদ পেতে’ গুলি করে হত্যা
বড়দিনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগুন নেভাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন দুই স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপক কর্মী।
ওই হামলার পর হামলাকারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে। আগুনে ভস্মীভূত হয়েছে ৭টি বাড়ি।
নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার ভোর ছয়টার দিকে ওয়েবস্টার শহরে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ড ঘটানোর জন্যই আগুন লাগিয়ে দিয়ে ‘ফাঁদ’ পাতা হয়েছিল।
পুলিশ জানায়, একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে চার স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে ছুটে যান এবং গুলির মুখে পড়েন। তাদের মধ্যে তোমাজ কাজোকা ও মাইক শিয়াপেরিনি নামে দুজন ঘটনাস্থলেই মারা যান।
দুই স্বেচ্ছাসেবক ছাড়াও এক পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছেন। দায়িত্বে না থাকলেও আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি।
ওয়েবস্টারের পুলিশ প্রধান জেরাল্ড পিকারিং সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে এক বন্দুকধারীর লাশ পেয়েছেন তারা, যে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
উইলিয়াম স্পেঞ্জলার নামের ৬২ বছর বয়সী ওই ব্যক্তি নিজের দাদীকে হত্যার দায়ে ১৭ বছর জেল খেটে আট বছর আগে মুক্তি পান।
আগুনে যে সাতটি বাড়ি পুড়ে গেছে, তার একটি ছিল স্পেঞ্জলারের এক বোনের। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশের ধারণা, অগ্নিকাণ্ডে তারও মৃত্যু হয়ে থাকতে পারে।
কানেটিকাটে বন্দুকধারীর গুলিতে ২০ স্কুলশিশুসহ ২৬ জনের মৃত্যুর রেশ না কাটতেই নিউ ইয়র্কের এই হত্যাকাণ্ডে হতবিহ্বল আমেরিকানরা।
চলতি মাসের মাঝামাঝি নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে বিতর্কের ঝড় ওঠে। প্রেসিডেন্ট বারাক ওবামাও এ আইন আরো কঠোর করার পক্ষে কথা বলেন।
