২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলের বিপণীবিতানে অগ্নিকাণ্ড

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিপণীবিতানে আগুন লেগে অন্তত ছয়শ দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিপণীবিতানে আগুন লেগে অন্তত ছয়শ দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোববার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে বিবিসি।

আগুনে বিপণীবিতানে রাখা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের হাত থেকে বাঁচতে মালামাল রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা।

আগুন লাগা বিপণীবিতানটির পাশেই কাবুলের প্রধান মানিএক্সচেঞ্জ।সেখানে আগুন পৌঁছানোর আগেই প্রতিষ্ঠানটির সব মালামাল সরিয়ে নেওয়া হয়।

আফগান দমকল বাহিনীর ও পুলিশ এবং নেটো বাহিনীর সদস্যরা একযোগে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে এক কিলোমিটারেরও কম দূরে অবস্থিত আফগান প্রেসিডেন্ট হামিদ কারাজইয়ের দপ্তর। এছাড়া অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অবস্থানও ওই এলাকায়।

আগুন মানিএক্সচেঞ্জের কাছাকাছি পৌঁছে গেলে ব্যবসায়ীরা লাখ লাখ মার্কিন ডলার রাস্তায় অপেক্ষমান পুলিশ ভ্যানে রেখে দেন। কাছের একটি সোনার বাজারের দোকানিরাও দোকান থেকে সোনার অলঙ্কারসহ অন্যান্য দ্রব্যাদি সরিয়ে নেয়।

আগুন লাগার পেছনে বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

আগুন লাগার পর থেকে বিপণীবিতানের দারোয়ানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কাবুলের পুলিশ প্রধান। তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।