সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী ২০১২
২০১২ সালটি সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে প্যারিসভিত্তিক সংস্থা ‘রিপোটার্স উইদাউট বর্ডারস’(আরএসএফ)।
২০১২ সালটি সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে প্যারিসভিত্তিক সংস্থা ‘রিপোটার্স উইদাউট বর্ডারস’(আরএসএফ)।
১৯৯৫ সাল থেকে সংস্থাটি বছরের সাংবাদিক নির্যাতের চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এবছর বিশ্বে মোট ৮৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছে যা গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি; সংস্থাটির তথ্য তুলে ধরে সিএনএন এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে গিয়ে, বোমার আঘাতে, দুর্নীতিগ্রস্ত সরকারের নিদের্শে, মাদক পাচারের জন্য সংগঠিত অপরাধের শিকার হয়ে এবং ইসলামী জঙ্গিদের হামলায় তারা মারা গেছে।
সংস্থাটির মহাসচিব ক্রিস্টোফি দেলোইরে বলেছেন, “প্রধানত সিরিয়ার যুদ্ধ, সোমালিয়ার বিশৃঙ্খলা এবং পাকিস্তানে তালেবানদের সহিংসতার কারণে এ বছর এত বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছে।”
ওদিকে চীন, ইরিত্রিয়া, ইরান বা সিরিয়াকে ছাড়িয়ে তুরস্কে সবেচেয়ে বেশি সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে বলে ওই প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
আরএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, “সাংবাদিকদের জন্য তুরস্ক এখন বিশ্বের সবচেয়ে বড় কারাগার। যে দেশ নিজেকে ওই অঞ্চলের গণতন্ত্রের আদর্শ বলে প্রচার করে সেই দেশে এ চিত্র হতাশাজনক।”
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে সাংবাদিক নির্যাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ বছর সাংবাদিকদের জন্য শীর্ষ প্রাণঘাতী দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে রয়েছে সিরিয়া, সোমালিয়া, পাকিস্তান, মেস্কিকো ও ব্রজিল।
সিরিয়ায় কমপক্ষে ১৭ জন সাংবাদিক, ৪৪ জন নাগরিক সাংবাদিক ও ৪ জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। আর পাকিস্তানে ৯ জন সাংবাদিক ও ১ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে আরএসএফ।
সংস্থাটির তথ্যানুযায়ী, ২০১২ সালে ৮৮ জন সাংবাদিক নিহত, ৮৭৯ জন গ্রেপ্তার, ১৯৯৩ জনকে হামলার হুমকি, ৩৮ জনকে অপরহণ করা হয়েছে।
