২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার গৃহযুদ্ধে জিতবে না কেউ’

সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহী পক্ষের কেউই যুদ্ধে জয়লাভ করবে না বলে মন্তব্য করেছেন সিরিয়ার সুন্নি ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহী পক্ষের কেউই যুদ্ধে জয়লাভ করবে না বলে মন্তব্য করেছেন সিরিয়ার সুন্নি ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারা।

লেবাননের আল-খবর সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে শারা ওই মন্তব্য করেন। সোমবার প্রকাশিত হওয়ার আগেই ওই সাক্ষাৎকারের একটি অংশ রোববার প্রকাশ করে পত্রিকাটি।

মুসলিম শিয়া আলাউতি সংখ্যালঘু সম্প্রদায় প্রভাবিত আসাদ সরকারে ক্ষমতার বলয়ে শারা একজন ক্ষমতাধর সুন্নি মুসলিম। ২০১১ সালের মার্চ থেকে আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে জনসম্মুখে তার উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

শারার এই মন্তব্য তার ব্যক্তিগত আর এটি সিরীয় সরকারের দৃষ্টিভঙ্গী তুলে ধরছে না বলেই বিশ্লেষকদের অভিমত।

গৃহযুদ্ধের কোনো মীমাংসা হবে না, প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা সিরীয় সরকারের সবচেয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তা তিনি। সাক্ষাৎকারটি দামেস্কে গ্রহণ করা হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।

গত ২১ মাসের গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ নিহত হলেও রাজধানী দামেস্ক থেকে যুদ্ধ এখনও অনেক দূরে।

সরকারপক্ষের বড় ধরনের কোনো পরাজয় ছাড়াই রাজধানী দামেস্ক পর্যন্ত লড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিদ্রোহীরা। আসাদ তার সেনাবাহিনী ব্যবহার করেও রাজধানী অভিমুখে বিদ্রোহীদের অগ্রযাত্রা বন্ধ করতে পারেননি।

এদিকে, লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহর শীর্ষনেতা সৈয়দ হাসান নাসারাল্লাহ বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীরা জিততে পারবে না।

তিনি বলেছেন, “সিরিয়ার পরিস্থিতি ক্রমেই অত্যন্ত জটিল হয়ে উঠছে, লড়াইয়ের ময়দানে বিদ্রোহীরাই পরিস্থিতি নির্ধারণ করতে পারবে বলে যারা ভাবছে তারা খুব, খুব, খুব বড় ভুল করছে।”

হিজবুল্লাহ’র পক্ষ থেকে যোদ্ধা দিয়ে আসাদকে সাহায্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্রোহীরা। অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।

ওদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস দেশটির আরএফআই রেডিওকে বলেছেন, তিনি মনে করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের দিন ফুরিয়ে আসছে।