নাইজেরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় গভর্নর নিহত
নাইজেরিয়ার কাদুনা প্রদেশের গভর্নর ও দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নাইজেরিয়ার কাদুনা প্রদেশের গভর্নর ও দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তেলসমৃদ্ধ বায়েলসা প্রদেশে শনিবার এই ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনায় গভর্নও ও সাবেক নিরাপত্তা উপদেষ্টাসহ আরো চারজন নিহত হয়েছেন।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে একটি বনের ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
“ওই সময় আমরা সেখানে আগুন জ্বলতে দেখি”, বলেন স্থানীয় সামাজিক নেতা হিটলার এডুনিয়ন।
তিনি আরো বলেন, “আমরা তাদের সেখান থেকে বের করার চেষ্টা করি। কিন্তু এটি ছিল ভীষণ কঠিন। আমরা ওটির (হেলিকপ্টার) ভেতরে ওদের পুড়ে যাওয়া দেহগুলো দেখতে পাচ্ছিলাম।”
নাইজেরিয়ার নৌবাহিনী জানিয়েছে, তাদের একটি আগুস্তা হেলিকপ্টার হারকোর্ট বন্দরের উদ্দেশ্যে সম্মানিত ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। তবে এর কারণ সম্পর্কে তারা কিছু জানায়নি।
বেসামরিক কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো ধারণা জানাতে অপারগতা প্রকাশ করেছে।
দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের দেওয়া এক বিবৃতিতে এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের স্বজনদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
বিবৃতিতে, কাদুনা প্রদেশের গভর্নর প্যাট্রিক ইব্রাহিম ইয়াকোয়ার দুর্ঘটনায় নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়াও এই দুর্ঘটনায় দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ওয়োয়ি আজাজি, তাদের সহযোগী দাউদা সোহো, মোহামেদ কামাল এবং দুই পাইলট মৌরিতালা মোহামেদ দাবা এবং আদেমি সৌলেও নিহত হয়েছেন।
গত বছর ইয়াকোয়া কাদুনা প্রদেশের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গভর্নর নির্বাচিত হন। তিনিই ওই প্রদেশের প্রথম খ্রিস্টান গভর্নর।
আফ্রিকার অন্য অনেক দেশের মতোই নাইজেরিয়ার আকাশ চলাচলে নিরাপত্তা ব্যবস্থার ইতিহাস খুবই নাজুক।
চলতি বছরের মার্চে দেশটির ডেপুটি পুলিশ প্রধানসহ আরো তিনজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। জুনে নাইজেরিয়ার লাগোসে এক বিমান দুর্ঘটনায় ১৬৩ জন নিহত হয়।
