২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ‘বিতর্কিত সংবিধান’র ওপর ভোট গ্রহণ

মিশরের ইসলামপন্থী সরকারের তৈরি সংবিধানের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট অনুষ্ঠিত হচ্ছে শনিবার। বিরোধী দলগুলো এই গণভোট প্রত্যাখ্যান করলেও এর মাধ্যমেই ভবিষ্যৎ মিশরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী নির্ধারিত হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

মিশরের ইসলামপন্থী সরকারের তৈরি সংবিধানের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট অনুষ্ঠিত হচ্ছে শনিবার। বিরোধী দলগুলো এই গণভোট প্রত্যাখ্যান করলেও এর মাধ্যমেই ভবিষ্যৎ মিশরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গী নির্ধারিত হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শনিবার সকাল থেকে প্রস্তাবিত সংবিধানের ওপর ভোট গ্রহণ শুরু হয়েছে।

বিচার বিভাগের একটি বড় অংশ গণভোট বর্জন করেছে। এতে ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার মতো যথেষ্ট বিচারক না থাকায় গণভোটকে দুটি পর্বে ভাগ করা হয়েছে।

শনিবার কায়রো ও অন্যান্য বেশ কয়েকটি শহরে ভোট গ্রহণ করা হবে। অন্যান্য এলাকায় আগামী ২২ ডিসেম্বর দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করা হবে।

সকাল ৮ টা (আন্তর্জাতিক সময় ০৬০০ টা) থেকে শুরু হয়ে পরবর্তী ১২ ঘন্টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট ৫ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে ২ কোটি ৬০ লাখ ভোটার প্রথম পর্বে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী বছর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগেই মিশরের সংবিধান চূড়ান্ত করার আইনি বাধ্যবাধকতা আছে। প্রস্তাবিত সংবিধান গৃহীত হবে কিনা তা গণভোটেই চূড়ান্ত হবে। তবে প্রস্তাবিত সংবিধানটি পাশ হবে বলেই সর্বসাধারনের ধারণা।

এতে মিশরের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে ধারণা করছেন তারা।

ভোটে সংবিধানে বিপক্ষে রায় হলে নতুন আইন পরিষদ গঠন করে সংবিধানের একটি সংশোধিত সংস্করণ তৈরি করতে হবে। এতে প্রায় নয় মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে।

দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষে সরকারিভাবে ফলাফল জানানো হবে। তবে প্রথম পর্ব ভোটের পরেই কি হতে যাচ্ছে তার আভাস পাওয়া যাবে।

ভোটের সার্বিক নিরাপত্তার জন্য এক লাখ ২০ হাজার সেনাসদস্য ও ৬ হাজার ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। তারা ভোট কেন্দ্রের পাশাপাশি সরকারি ভবনগুলোর নিরাপত্তাও নিশ্চিত করবে।

সংবিধানে প্রস্তাবিত আইনগুলো নিয়ে মিশরে ইতোমধ্যেই রাজনৈতিক বিভক্তি দেখা দিয়েছে। ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সমর্থকরা সমর্থন করলেও বিরোধী উদারপন্থী, ধর্মনিরপেক্ষ, বামপন্থী ও খ্রিস্টান গোষ্ঠীগুলো এর বিরোধিতা করে গণভোট প্রত্যাখ্যান করেছে।

প্রস্তাবিত সংবিধানটিকে অতিরিক্ত ইসলামপন্থী বলে অভিযোগ করেছে বিরোধীরা। এতে মানুষের বাক স্বাধীনতা ও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা হরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তারা। সংবিধান ও গণভোটের বিরোধিতায় রাজধানী কায়রো ও দেশটির অন্যান্য শহরে সরকারপন্থীদের সঙ্গে বিরোধীদের রক্তাক্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

মুরসির সমর্থকরা প্রস্তাবিত সংবিধানকে গণতান্ত্রিক উত্তরণের প্রধান দলিল বলে উল্লেখ করেছে। দুই বছর পূর্বে গণআন্দোলনে সামরিক একনায়ক হোসনি মুবারকের পতনের আগে প্রায় তিনদশক সামরিক শাসনের অধীনে ছিল মিশর।

শুক্রবার আলেকজান্দ্রিয়া শহরে গণভোটের পক্ষ-বিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষই লাঠি, ছুরি ও তরবারি নিয়ে পরস্পকে ধাওয়া করেছে। এ সময় কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এখানে জুমার নামাজের সময় এক ইমাম গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালে বিরোধী দলের ক্ষিপ্ত সমর্থকরা তাকে মসজিদের ভিতর অবরুদ্ধ করে রাখে।

কায়রোতে দুইপক্ষই সংবিধানের পক্ষে-বিপক্ষে খ- খ- মিছিল করেছে।

কায়রোর প্রধান একটি মসজিদের কাছে ইসলামপন্থীরা জড়ো হয়ে মিশরের জাতীয় পতাকা দুলিয়ে ‘ইসলাম, ইসলাম’ ও ‘সংবিধানকে হ্যাঁ বলুন’ স্লোগান দেয়।

আর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জড়ো হওয়া বিরোধীদলীয় সমর্থকরা ‘না’ ভোট দেওয়ার জন্য স্লোগান দেয়।