২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়া হলো না সুসান রাইসের

রিপাবলিকানদের তীব্র বিরোধিতার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রার্থিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুসান রাইস। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠজন বলে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2012, 04:51 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

রিপাবলিকানদের তীব্র বিরোধিতার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রার্থিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুসান রাইস। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠজন বলে পরিচিত।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো এক চিঠিতে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করার কথা জানান।

গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে হামলার পর রাইসের মন্তব্য বিতর্কের জন্ম দেয়। ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হন।

হামলার পর সুসান জানিয়েছিলেন, ইসলামবিরোধী একটি চলচ্চিত্রের প্রতিবাদে স্বতস্ফূর্ত জনতার মিছিল থেকে চালানো হামলায় রাষ্ট্রদূতসহ চারজন নিহত হন। পরবর্তী তদন্তে তার এ বক্তব্য ভুল প্রমাণিত হয়।

এতে যুক্তরাষ্ট্রের বিরোধীদলীয় রিপাবলিকান কংগ্রেস সদস্যরা রাইসের তীব্র সমালোচনা করে তার পররাষ্ট্রমন্ত্রী হওয়াতে বাঁধ সাধার ঘোষণা দেয়। পররাষ্ট্রমন্ত্রী পদে রাইসকে মনোনয়ন দেওয়া হলে রিপাবলিকানদের পক্ষ থেকে কংগ্রেসে এর বিরোধিতা করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় দলটি।

ওবামাকে পাঠানো চিঠিতে রাইস বলেছেন, ‘আপনি যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে নিয়োগ দিতে চাওয়ায় আমি খুব সম্মানিত বোধ করেছি। যোগ্যতার সঙ্গে কার্যকরভাবে এই পদে কাজ করে দেশের সেবা করতে পারবো বলে আমি আত্মবিশ্বাসী ছিলাম।যদি মনোনীত হতাম, আমার ধারণা এটি নিশ্চিত করতে দীর্ঘ সময় লেগে যেতো এবং এটি বিরক্তিকর ও ব্যয়বহুলও হতো।’

ধারণা করা হচ্ছে রাইসের এই সিদ্ধান্তের কারণে ওবামা আবার ডেমক্রেট সিনেটর জন কেরির দিকেই ঝুঁকবেন। ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কেরি বর্তমানে সিনেটের বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন বছরের জানুয়ারিতে হিলারি ক্লিনটন পদ ছেড়ে দিলে সে পদে কেরির মনোনীত হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।