২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালির নতুন প্রধানমন্ত্রী দিয়াঙ্গো সিসোকো

মালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দিয়াঙ্গো সিসোকোর নাম ঘোষণা করেছেন দেশটির অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

মালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দিয়াঙ্গো সিসোকোর নাম ঘোষণা করেছেন দেশটির অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট।

মঙ্গলবার রাতে দীর্ঘ সময়ের সরকারি কর্মকর্তা দিয়াঙ্গোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে ভারতের এনডিটিভি।

এর আগে সোমবার রাতে দেশত্যাগ করে ফ্রান্সে যাওয়ার সময় দেশটির সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন পূর্ববর্তী প্রধানমন্ত্রী চেইক মোদিবো দিয়ারা। এর কয়েক ঘণ্টা পরেই রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ইতোমধ্যে এ ঘটনা আন্তর্জাতিক অঙ্গনের সমালোচনার মুখে পড়েছে।

গত মার্চে এক সেনা অভ্যুত্থানের পর থেকেই মালির রাজনীতিবিদ ও সেনাবাহিনীর মধ্যে চরম বিভক্তি বিরাজ করছে। এছাড়া দেশটির উত্তরাঞ্চল দখল করে নিয়েছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত ইসলামি জঙ্গিরা।

মালির উত্তরাঞ্চল জঙ্গি দখলমুক্ত করতে সেনা অভিযানে সমর্থন দেয়ার চিন্তাভাবনা করছে আন্তর্জাতিক অঙ্গন।

এ ব্যাপারে মধ্যস্থতাকারী মালির প্রতিবেশী দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেইজ কম্পাওরো বুধবার বলেন, এ পরিস্থিতিতে সাম্প্রতিক ঘটনাগুলোত দেশটির স্থিতিশীলতার প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠলো মাত্র।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর টেলিভিশনে এক সাক্ষাৎকারে সিসোকো বলেন, উত্তরাঞ্চল জঙ্গি দখলমুক্ত করে দেশের অখণ্ডতা বজায় রাখার বিষয়ে নজর রাখবেন তিনি।

৬২ বছর বয়সী সিসোকো দীর্ঘসময় ধরে মালির প্রেসিডেন্ট থাকা আমাদু তুমানি তুরের আমলে প্রশাসনের বিভিন্ন পদে কাজ করেন। গত মার্চে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন তুর।

এপ্রিলে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পরও সেনাবাহিনীর ওই অংশটির ক্ষমতা অটুট রয়েছে। এ অংশের নেতৃত্বে আছেন অভ্যুত্থানের নেতা আমাদু হায়া সানাগো। তার আদেশেই দিয়ারাকে গ্রেপ্তার করা হয় বলে ইতোমধ্যে জানিয়েছেন কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা।