২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনও সিরিয়ার সমস্যা সমাধানে আগ্রহী’

সিরিয়ার বিদ্রোহীদের একক নেতৃত্বাধীনে আনার ক্ষেত্রে যেসব দেশের কর্মকর্তারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারাও আছেন, আর আগামী সপ্তাহে সিরিয়ার জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 07:33 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বৈরুত, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গভীর সঙ্কটে রূপ নেওয়া সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা কথা দিয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ শান্তিদূত লাখদার ব্রাহিমি। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তবে সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের জন্য ক্ষমতা থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছে মস্কো। সিরিয়া বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় রোববার এক ত্রিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিলিত হন ব্রাহিমি। সিরিয়ার গৃহযুদ্ধ রাজধানী দামেস্ক পর্যন্ত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বৈঠকে মিলিত হলেন তারা। সিরিয়ার বিদ্রোহীরা রাজধানীর উপকন্ঠে সরকারী বাহিনীগুলোর সঙ্গে লড়াই করে যাচ্ছে, তাদের দমাতে আসাদ বাহিনী এখন প্রতিদিনই দামেস্কের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর বিদ্রোহী অবস্থান লক্ষ করে গোলাবর্ষণ ও আকাশ হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির এ পরিস্থিতিতেই একটি রাজনৈতিক সমাধানের কথা বললেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক শান্তিদূত ব্রাহিমি। বিবৃতিতে তিনি বলেন, “সিরিয়ার পরিস্থিতি খুব সঙ্গীন এবং এটি ক্রমাগত আরোপ খারাপ অবস্থার দিকে যাচ্ছে বলে তিনপক্ষই একমত হয়েছে। সিরিয়ার সঙ্কট সমাধানে একটি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর তারা জোর দিয়েছেন এবং তা এখনও সম্ভব বলে মত দিয়েছেন।” এর আগে এক মন্তব্যে সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধান হুমকির মুখে বলে জানিয়েছিলেন ব্রাহিমি। এদিকে গত সপ্তাহের শেষদিকে সিরিয়ার বিদ্রোহীদের একক নেতৃত্বাধীনে আনার ক্ষেত্রে যেসব দেশের কর্মকর্তারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারাও আছেন, আর আগামী সপ্তাহে সিরিয়ার জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিবে বলে আশা করা হচ্ছে। ওদিকে সিরিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া আসাদের প্রতি সমর্থনের বিষয়ে কোনো নমনীয়তা দেখায়নি এবং জানিয়েছে তারা প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতা আলোচনা চালাচ্ছে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইতার তাস জানিয়েছে, আসাদের ভবিষ্যৎ নিয়ে রাশিয়া কারো সঙ্গে কোনো সংলাপ চালাচ্ছে না। ব্রাহিমি জানান, জুনের জেনেভা ঘোষণার আলোকে সিরিয়া সঙ্কটের রাজনৈতি সমাধানের বিষয়ে আলোচনা করা হয়েছে। ওই ঘোষণায় সিরিয়ার জন্য একটি অর্ন্তর্বতী সরকারের প্রস্তাব রাখা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছিল অর্ন্তর্বতী সরকারে আসাদ কোনো ভূমিকা রাখতে পারবেন না আর রাশিয়া এর বিরোধিতা করে বলেছিল, তার ভবিষ্যৎ সিরিয়ার বাইরে থেকে নির্ধারিত হতে পারে না। প্রভাবশালী দুই রাষ্ট্রের এই পরস্পরবিরোধী ভূমিকাই সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পথে প্রধান বাঁধা হয়ে আছে। বিশমাস আগে প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ শুরু হলেও পরবর্তী সময়ে তা রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়। বর্তমানে গৃহযুদ্ধের রূপ নেওয়া ওই সংঘাতে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.