কলকাতা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের সম্মান ও সহানুভূতির চোখে দেখতে সে দেশের বৌদ্ধদের আহ্বান জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামাসহ ১৭ জন বৌদ্ধ ধর্মীয় নেতা।
ধর্মগুরুদের কাছ থেকে এমন সময় এই বিবৃতি এলো যখন মিয়ানমারে, বিশেষ করে রাখাইন প্রদেশে বৌদ্ধ ধর্মীয় নেতারা মুসলমান রোহিঙ্গাদের উপর খড়্গহস্ত।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাপান, শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শীর্ষ বৌদ্ধ ধর্মগুরুরা আছেন।
মিয়ানমারের বৌদ্ধ ধর্মীয় নেতারা দেশটির প্রেসিডেন্ট থেইন সিয়েনকে সমর্থন করছেন। রোহিঙ্গারা ‘বাঙালি অভিবাসী’ এবং তাদের মিয়ানমার থেকে অন্যত্র সরিয়ে নেয়া উচিত বলে মনে করেন থেইন সিয়েন।
বর্তমানে রাখাইন প্রদেশে (আগের নাম আরাকান) ১০ লাখ রোহিঙ্গার বাস, যারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘুগোষ্ঠীর একটি। ১৯৮২ সালে একটি আইনের মধ্য দিয়ে মিয়ানমারের নাগরিকত্ব থেকে তাদের বঞ্চিত হয়।
রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে ১৯৭৮ সালে রাখাইন প্রদেশে ‘অপারেশ কিং ড্রাগন’ নামে অভিযান চালায় দেশটির সামরিক সরকার। তখন প্রায় আড়াই লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এরপর নব্বইয়ের দশকের শুরুর দিকেও প্রায় একই পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আসে।
বৌদ্ধ নেতাদের ওই বিবৃতিতে বলা হয়, “রাখাইনে জাতিগত সহিংসতা এবং সেখানে মুসলিমদের ওপর হামলা পরিচালনা এবং সারাদেশে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বাড়তে থাকায় আমরা উদ্বিগ্ন।”
“বার্মিজরা একটি মহান জাতি এবং ধর্মকে সমুন্নত রাখার একটি দীর্ঘ ও গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তাদের। বৌদ্ধ ধর্মের মূল নীতি অহিংসার চর্চা, পারস্পারিক শ্রদ্ধা ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি প্রতিপালনে আমরা আপনাদের সহায়তা করতে চাই।”
ওই বিবৃতিতে দালাই লামা সই করতে না পারলেও তিনি ‘পুরোপুরি’ এটা সমর্থন করেন বলে ভারতের ধর্মশালায় তার দপ্তর থেকে জানানো হয়েছে।
তিব্বতের নির্বাসিত সরকারের মুখপাত্র বলেন, “দালাই লামা মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের সংকট সম্পর্কে অবগত। আমাদের সংস্কৃতির মূল ভিত্তি অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চা করার জন্য মিয়ানমারের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।”
এ বছর মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর প্রেসিডেন্ট থেইন সিয়েন রাখাইন প্রদেশে জরুরি অবস্থা জারি ও সেখানে সেনা মোতায়েন করলেও রোহিঙ্গাদের প্রতি সহিংসতার অবসান হয়নি।
সহিংসতার ৮০ হাজার থেকে এক লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। তাদের অনেকে বিভিন্ন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। অনেকে পালিয়ে প্রতিবেশি দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মানবিক বিবেচনায় এসব রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে চাপের মুখে পড়ার পর বাংলাদেশ রোহিঙ্গাদের অধিকার সুরক্ষায় মিয়ানমারের ওপর উল্টো চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে মালয়েশিয়ার মতো আসিয়ানভুক্ত অল্প কিছু দেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে দেশ থেকে তাদের বিতাড়ন বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এসইউ/১১৫৪ ঘ.
bdnews24