ওয়াশিংটন, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের প্রস্তুতি ও গতিবিধি কাছাকাছি অবস্থান থেকে নজর রাখতে অগ্রসর হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ।
ইতোমধ্যে বিষয়টি পর্যবেক্ষণের জন্য সম্ভাব্য সবচেয়ে কাছাকাছি কয়েকটি অবস্থানে যুদ্ধজাহাজ পৌঁছেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইউএস প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার।
মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ পাঠানোর উদ্দেশ্যে ১০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে কোনো একসময় রকেট উৎক্ষেপণের কথা রয়েছে উত্তর কোরিয়ার। ইতোমধ্যে এ উৎক্ষেপণ প্রচেষ্টা বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরে রকেট উৎক্ষেপণে দেশটির দ্বিতীয় উদ্যোগ এটি। গত এপ্রিলে উত্তর কোরিয়ার একটি রকেট উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়।
উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের কথা বললেও একে দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে বারবার সন্দেহ করে আসছে যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে স্যামুয়েল লকলিয়ার বলেন, আমরা এমন অবস্থানে জাহাজগুলোকে রাখার চেষ্টা করছি যাতে প্রয়োজনে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে যুদ্ধজাহাজগুলো।
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হলে জাতিসংঘের পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তির বিরোধিতা করা হবে যাতে কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এ নজরদারির ফলে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। যদি এটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয় তবে এর পাল্লা কতোদূর, এর লক্ষ্য কারা, উৎক্ষেপণ ব্যর্থ হলে তার ফলাফল কী হতে পারে প্রভৃতি তথ্য এতে জানা যাবে বলে মনে করা হচ্ছে।
পুরো পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র সক্রিয় রয়েছে তা মিত্রদেশগুলোকে নিশ্চিত করাই দেশটির মূল উদ্দেশ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮১১ঘ.
bdnews24